লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড
লক্ষ্মীপুরের অস্ত্র মামলায় মানিক মিয়া (৪৫) নামের একজনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
রায়ের সময় আসামি মানিক মিয়া আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর ফতেহপুর গ্রামের বাসিন্দা।
আদালত ও মামলার এজাহার সূত্র জানায়, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে রামগঞ্জ থানা-পুলিশ চণ্ডীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে মানিক মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়িতে থাকা একটি বস্তার ভেতর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মানিক মিয়ার বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারের পর কিছুদিন কারাগারে থেকে আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান মানিক। বর্তমানে তিনি পলাতক।
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন বলেন, আসামি মানিক মিয়াকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দিয়েছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।