ঈদযাত্রার ৪ দিনে যমুনা সেতু দিয়ে পৌনে দুই লাখ যানবাহন পারাপার

গাড়ির সারি। বৃহস্পতিবার যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায়ছবি: প্রথম আলো

এবার ঈদের ছুটি শুরু হওয়ার পর গত চার দিনে ১ লাখ ৭৯ হাজার ৭৯৫টি যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৫৫০ টাকা। উত্তরবঙ্গের দিকে গেছে ১ লাখ ১২ হাজার ৩০৮টি যানবাহন এবং উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলের দিকে এসেছে ৬৭ হাজার ৪৮৭টি যানবাহন।

সেতুর টোল প্লাজা সূত্র জানায়, গত সোমবার অফিস শেষে মানুষের ঘরমুখী যাত্রা শুরু হয়। ওই দিন থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। এই চাপ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। প্রতিদিন স্বাভাবিক সময়ে ২০ থেকে ২২ হাজার যানবাহন সেতু পারাপার হয়। ঈদের ছুটিতে তা দ্বিগুণের বেশি হয়ে যায়। সবচেয়ে বেশি যানবাহন সেতু পারাপার হয়েছে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত।

টোল প্লাজা সূত্র জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে ২০ হাজার ৭৫টি এবং টাঙ্গাইলের দিকে ১৫ হাজার ৫১৩টি যানবাহন সেতু পার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৯৪ লাখ ৮২ হাজার ৫৫০ টাকা।

সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে ২৭ হাজার ৪৯৮টি এবং টাঙ্গাইলের দিকে ১৯ হাজার ৪৪৫টি যানবাহন সেতু পার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকা।

মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে যায় ৩২ হাজার ৮৪০টি গাড়ি আর টাঙ্গাইলের দিকে আসে ১৮ হাজার ৭৪৪টি যানবাহন। এতে টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৪৫ হাজার ৬১০টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে গেছে ৩১ হাজার ৮৯৫টি এবং টাঙ্গাইলের দিকে এসেছে ১৩ হাজার ৭১৫টি যানবাহন। এতে টোল আদায় হয় ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ কমে আসে। শুক্রবার যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কম রয়েছে বলে টোল প্লাজা সূত্র জানিয়েছে।