বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালকের সহকারীসহ দুজন নিহত

শেরপুরের ছোনকা বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতেছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঢাকাগামী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

নিহত দুজনের একজন হলেন জয়পুরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসের চালকের সহকারী নয়ন (৩৮)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা। অপরজন মাসুদুর রহমান (৩৮) একই উপজেলার চানপুরি গ্রামের বাসিন্দা। তিনি একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ছোনকা এলাকায় একটি ট্রাক বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে চলার কারণে যাত্রীবাহী বাসটি সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।