লোহার পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যু, তদন্ত কমিটির পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‌সিলেট সি‌টি সুপার মার্কেটের এইভবনের লোহার পাইপ পড়ে শ‌নিবার এক সেনা সদস্যের মৃত্যু হয়
ছ‌বি: প্রথম আলো

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে এক সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই আবার তদন্ত কমিটি ‘অনিবার্য কারণে’ পুনর্গঠন করা হয়েছে বলে জানিয়েছে সিসিক কর্তৃপক্ষ। পুনর্গঠন করা তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিটি করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল রাতে দায়ের হওয়া মামলায় তদন্তের দায়িত্বে থাকা সিটি করপোরেশনের দুই প্রকৌশলীর নাম থাকায় তাঁদের বাদ দিয়ে আজ রোববার তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে।

তদন্ত কমিটি পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা আবদুল আলীম শাহ। আজ বেলা তিনটার দিকে সিলেট সিটি করপোরেশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়েছে।

পুনর্গঠিত তদন্ত কমিটিতে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হককে আহ্বায়ক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. মতিউর রহমান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, গণপূর্ত অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম ও সিসিকের নির্বাহী প্রকৌশলী (সিভিল) রাজি উদ্দিন খান।

এর আগে গতকাল বিকেলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন। কমিটির অন্য সদস্যরা ছিলেন গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।

এদিকে আগের তদন্ত কমিটির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এবং তদন্ত কমিটির সদস্য ও সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবরসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনসহ সাতজনের বিরুদ্ধে গতকাল রাতে অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগ এনে সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে।

গতকাল বেলা তিনটার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মাথার পেছনে লোহার পাইপ পড়ে মো. দেলোয়ার হোসেন নামের এক সেনাসদস্য আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ারের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন।