সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাত সোয়া ৯টা পর্যন্ত ছিনিয়ে নেওয়া আসামিকে ধরা যায়নি। তবে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের একটি মামলায় হুসেনপুর গ্রামের বাসিন্দা সাজ্জাদ মিয়ার (৪৫) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সোমবার দুপুরে তাঁকে ধরতে ওই গ্রামে অভিযানে যান দিরাই থানার একদল পুলিশ। পুলিশ একপর্যায়ে সাজ্জাদকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানার উদ্দেশে রওনা দেয়। পথে আসামির চাচা নুরুল ইসলাম ও তাঁর সহযোগীরা পুলিশের পথরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যান।
আসামি ছিনতাইয়ের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য লায়েক মিয়ার চেষ্টায় ছিনিয়ে নেওয়া হাতকড়া উদ্ধার করেছে পুলিশ। তবে আসামি সাজ্জাদ মিয়াকে এখনো ধরা যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পুলিশের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা হবে।