ত্রিশালে ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল মুঠোফোন-টাকা

লাশপ্রতীকী ছবি

ময়মনসিংহের ত্রিশালে ধানখেত দেখতে যাওয়ার পথে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মণি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব হোসেন (৫৫) ওই এলাকার মৃত মো. সাইফুল্লাহর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গরুর পাইকারি বেচাকেনা করতেন।

পুলিশ জানায়, গতকাল রাত ৮টা ২৪ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল আসে, ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মণি বামনাখালী মধ্যপাড়া এলাকায় মোতালেব হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর ধানখেতে ফেলে রেখে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির ছেলে আলী হোসেন বলেন, ‘আমার বাবা মাগরিবের নামাজের আগে বাড়ি থেকে বের হয়ে পাকা ধানখেত দেখতে যান। তখন কে বা কারা আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহের পাশে মোবাইল (মুঠোফোন) পড়ে ছিল এবং কোমরে প্যাঁচানো কাপড়ের থলের ভেতর ৩৮ হাজার ৬৪৫ টাকা ছিল। দুর্বৃত্তরা এগুলোতে হাত দেয়নি। কী কারণে আমার বাবাকে হত্যা করা হলো, তা বলতে পারছি না।’ বাবার হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, নিহত ব্যক্তির ঘাড়, মাথা, হাতের আঙুলে গুরুতর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ ধানখেতে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত ব্যক্তির সঙ্গে থাকা টাকা নেয়নি। হত্যার রহস্য উদ্‌ঘাটনসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ত্রিশাল থানা–পুলিশ ও ডিবি কাজ করছে।