বোনের ভালোবাসা আর টংদোকানই সোহেলের সম্বল

ভাইয়ের সেবায় ব্যস্ত রেহানা আক্তার। গত বৃহস্পতিবার চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের উত্তর বগুলা গ্রামেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় নিজের উপার্জনে চলতেন সোহেল মাঝি। ছিল স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনের গর্ব। কিন্তু ১৫ বছর আগে মেঘনা নদীতে গোসল করতে নেমে এক দুর্ঘটনা বদলে দেয় তাঁর জীবন। কর্মক্ষমতা হারিয়ে ফেলেন চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের উত্তর বগুলা গ্রামের মৃত সৈয়দ আহমেদ মাঝির ছেলে সোহেল মাঝি (৪২)। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে একে একে বন্ধ হয়ে যায় তাঁর ব্যবসা। ফুরিয়ে আসে জীবনের সব সম্বল।

সেই দুঃসময়ে সোহেলের সবচেয়ে বড় আশ্রয় ছিলেন তাঁর মা। কিন্তু সাত বছর আগে মায়ের মৃত্যুর পর সেই আশ্রয়টুকুও হারিয়ে যায়। অসহায় ভাইয়ের পাশে তখন এসে দাঁড়ান ছোট বোন রেহানা আক্তার (৩৫)। ভাইয়ের দুর্দশা দেখে স্বামীর সংসার ছেড়ে ছোট্ট সন্তানকে নিয়ে চলে আসেন তাঁর কাছে।

এই ছোট্ট টংদোকানই রেহানা আক্তার ও তাঁর ভাই সোহেল মাঝির ভরসা। গত বৃহস্পতিবার হাইমচরের উত্তর বগুলা গ্রামে
ছবি: প্রথম আলো

এর পর থেকে নিজের জীবনের চাওয়া–পাওয়া বিসর্জন দিয়ে ভাইয়ের ছায়াসঙ্গী হয়ে আছেন রেহানা। সাত বছর ধরে ভাইয়ের সেবা, খাবার ও দেখাশোনার সব দায়িত্ব একাই সামলাচ্ছেন তিনি। ভাইকে আগলে রাখতে গিয়ে নিজের শরীরের দিকেও খেয়াল রাখার সুযোগ হয়নি। এখন অসুস্থ হয়ে পড়েছেন দুজনই।

রেহানা আক্তার বলেন, ‘ভাইকে আগলে রাখতে গিয়ে নিজের শরীরের দিকেও খেয়াল রাখা সম্ভব হচ্ছে না। ভাইয়ের সেবা করতে করতে নিজেও এখন অনেক অসুস্থ। একদিকে ভাইয়ের চিকিৎসা, অন্যদিকে নিজের অসুস্থতা—সব মিলিয়ে আমাদের জীবনে নতুন সংকট নেমে এসেছে। দুজনেরই নিয়মিত চিকিৎসা প্রয়োজন, কিন্তু সামর্থ্য নেই।’

আয়ের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় দুজনের চিকিৎসা ও দৈনন্দিন খাবার জোগাড় করাই এখন বড় সংগ্রাম। তাঁদের দুরবস্থা দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

আয়ের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় দুজনের চিকিৎসা ও দৈনন্দিন খাবার জোগাড় করাই এখন বড় সংগ্রাম। তাঁদের দুরবস্থা দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তৈরি করে দেন একটি ছোট্ট টংদোকান। সামান্য পুঁজির সেই দোকানই এখন তাঁদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

হাইমচর উপজেলার খলিফাকান্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমারানী দেবনাথ বলেন, ‘এই দুই ভাইবোনের জীবনসংগ্রাম ও নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই একটি বিরল দৃষ্টান্ত। তাঁদের আয়ের স্থায়ী কোনো ব্যবস্থা নেই। দুরবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা একটি টংদোকান করে দিয়েছেন, সেটিই এখন তাঁদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।’

একসময় নিজের পরিচয় ও ব্যবসা ছিল সোহেল মাঝির। আজ তাঁর সম্বল বোনের ভালোবাসা আর ছোট্ট একটি টংদোকান। আর রেহানার জীবনের চাওয়া-পাওয়া যেন জড়িয়ে আছে ভাইয়ের সুস্থতার সঙ্গে। তাঁরা করুণা চান না, চান বেঁচে থাকার সুযোগ। সুচিকিৎসা ও আর্থিক সহায়তা পেলে হয়তো আবার নতুন করে স্বপ্ন দেখতে পারবেন এই দুই ভাইবোন।