পাম্পে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছিলেন কৃষক, হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু
দিনাজপুরের খানসামা উপজেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে ফিলিং স্টেশনে অপেক্ষা করছিলেন মাসুদ রানা (৫০) নামের এক ব্যক্তি। অপেক্ষার এক পর্যায়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার চৌরঙ্গী বাজার–সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। মৃত মাসুদ রানা পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জ্বালানি তেলের গাড়ি আসার আগেই ফিলিং স্টেশনটিতে লাইনে দাঁড়ানো ছিল অন্তত দুই শতাধিক মোটরসাইকেল। বিকেল সাড়ে চারটার দিকে তেলের লরি পাম্পে এসে পৌঁছে। মাসুদ রানা লাইনে না দাঁড়িয়ে পাম্পের প্রবেশমুখে মোটরসাইকেল নিয়ে দাঁড়ানো ছিলেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সেখানে কয়েকজন ধরাধরি করে তাঁকে ভ্যানে তুলে পাকেরহাট এলাকায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মাহফুজ আল মামুন সিদ্দিকী বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাছেত সরদার বলেন, বিকেল সোয়া পাঁচটায় বিষয়টি জানতে পেরেছেন তিনি। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠান। নিহত ব্যক্তির স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন। এ বিষয়ে তাঁদের কোনো অভিযোগ নেই।