নোয়াখালীতে নতুন নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন
নোয়াখালীর চাটখিলে একটি বাড়িতে বসানো নতুন নলকূপের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে উঠছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহলের শেষ নেই। দূরদূরান্ত থেকে অনেকেই বিষয়টি দেখতে প্রতিদিন ওই বাড়িতে জড়ো হচ্ছেন। উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের আবদুল মতিনের বাড়ির নলকূপ থেকে এই গ্যাস বের হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসখানেক আগে আবদুল মতিন গৃহস্থালির ব্যবহারের জন্য বাড়ির পাশে ৬০ ফুট গভীরে একটি নলকূপ স্থাপন করেন। শুরু থেকেই পানির সঙ্গে গন্ধ পাওয়া যাচ্ছিল। পানি বের হওয়ার সময় বুদ্বুদ শব্দ হচ্ছিল; ফলে পানি ব্যবহার করতে পারছিলেন না তাঁরা। প্রায় এক সপ্তাহ আগে পরিবারের এক সদস্য কৌতূহলবশত টিউবওয়েলের মুখে জলন্ত দিয়াশলাই ধরতেই হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে খবরটি আশপাশে ছড়িয়ে পড়ে এবং অনেকেই বিষয়টি দেখতে আসেন।
আবদুল মতিন বলেন, নলকূপের মুখ দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে, যা তাঁদের আতঙ্কিত করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শাহ আলম বলেন, ওই ঘটনা সম্পর্কে তাঁর জানা নেই। এ ধরনের গ্যাস নির্গমনের বিষয়টি দেখভালের জন্য সরকারের আলাদা বিভাগ রয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে ওই বিভাগ নিজ উদ্যোগে পরীক্ষা-নিরীক্ষা করবে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তাঁর নজরে এসেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।