ক্ষমতার অপব্যবহার ও চাঁদাবাজির অভিযোগ
আলোকচিত্রী খালেদের বিরুদ্ধে পাবনা জেলা বিএনপির সংবাদ সম্মেলন
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও আলোকচিত্রী খালেদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ তুলেছেন বিএনপির স্থানীয় নেতারা। আজ সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা এ অভিযোগ করেন।
‘খালেদ হোসেন পরাগের (ফটোগ্রাফার) ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে অসদাচরণের বিরুদ্ধে’ এ সংবাদ সম্মেলন করে পাবনা জেলা বিএনপি। অনুষ্ঠানে জানানো হয়, খালেদ হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত সেই অভিযোগের কপি সাংবাদিকদের দেন বিএনপি নেতারা। এতে দেখা যায়, পাবনা জেলা জাসাসের আহ্বায়কের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগটি পাঠানো হয়েছে গত ৩০ আগস্ট।
বিএনপির অঙ্গসংগঠন জাসাস (বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন)। পাবনা জেলা জাসাসের আহ্বায়কের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো লিখিত অভিযোগে ‘বিষয়’ হিসেবে বলা হয়েছে, ‘পাবনা জেলা জাসাস আহ্বায়ক খালেদ হোসেন পরাগ কর্তৃক জনমনে ভয়ভীতি, আতঙ্ক সৃষ্টি, ক্ষমতার অপব্যবহার, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় নেতা–কর্মীদের সাথে অসদাচরণ করা প্রসঙ্গে’।
খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার (আলোকচিত্রী) হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে জেলা বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো ঠিক নয় বলে জানান তিনি। গতকাল বিকেলে খালেদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘একজন চিহ্নিত অসাধু ঠিকাদারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় সুবিধাভোগী কিছু বিএনপি নেতা আমার নামে বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা সুনির্দিষ্টভাবে বলতে পারছে না, কোথায় আমি জমি দখল করছি, কার কাছে চাঁদা চাইছি, কার কাছে ক্ষমতার অপব্যবহার করছি। এটা কোনো দিন বলতেও পারবে না।’
সংবাদ সম্মেলনের পাশাপাশি খালেদ হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছে পাবনা জেলা বিএনপি।
খালেদ হোসেনের বিরুদ্ধে আনা লিখিত অভিযোগে পাবনা জেলা বিএনপির শীর্ষ নেতারা উল্লেখ করেন, তাঁরা বেশ কিছুদিন ধরে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছেন, খালেদ হোসেন ফেসবুকের মাধ্যমে পাবনার কতিপয় ব্যবসায়ীদের হুমকি দিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন আইডির মাধ্যমে ফেসবুকে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ প্রচারিত হচ্ছে। এ নিয়ে প্রতিনিয়ত জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তাঁরা।
এসব বিষয়ে খালেদ হোসেনের সঙ্গে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে অসদাচরণ করেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেন পাবনা জেলা বিএনপির নেতারা।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ব্যক্তিবিশেষে কৃতকর্মের জন্য জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক, এটা তাঁরা (পাবনা জেলা বিএনপির নেতারা) চান না। একই সঙ্গে খালেদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর দাবি জানান তাঁরা।
জেলা জাসাসের আহ্বায়কের বিরুদ্ধে আনা লিখিত অভিযোগে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক আবদুস সামাদ খান, নূর মোহাম্মদ ও আবু ওবায়দা শেখ তুহিন, সদস্যসচিব মাসুদ খন্দকার এবং সদস্য মাহমুদুন্নবী ও মোছাব্বির হোসেনের সই রয়েছে।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব অবশ্য আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে শুধু জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ কথা বলেন। তিনি বলেন, পাবনা জেলা বিএনপির মধ্যে শৃঙ্খলা আছে। এ শৃঙ্খলা তাঁরা নষ্ট হতে দিতে পারেন না।