ইউপি কার্যালয়ে নারী সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ জেলার মানচিত্র

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ারুল হাসান খানের বিরুদ্ধে এক নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উচাখিলা ইউপি ভবনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউপি সদস্যের নাম মোছা. রোখসানা খাতুন। তিনি উচাখিলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য। এ ঘটনায় রোখসানা খাতুন ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ‘শাসন’ করার কথা স্বীকার করলেও ‘মারধর বা লাঞ্ছিত’ করার অভিযোগ সত্য নয় বলে দাবি ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসানের।

আজ শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পীরজাদা শেখ মো. মোস্তাছিনুর রহমান প্রথম আলোকে বলেন, নারী ইউপি সদস্য রোকসানা খাতুন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুঠোফোনে রোখসানা খাতুন বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল হাসান খান তাঁকে ইউপি কার্যালয়ে ডাকেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেখানে গেলে বেশির ভাগ ইউপি সদস্যদের উপস্থিতি দেখতে পান। কিছুক্ষণ পর ইউপি সদস্য রফিকুল ইসলামের করা অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান তাঁর (রোখসানার) কাছে কৈফিয়ত চান। তিনি সবার সামনেই উত্তর দেন। এতে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে চেয়ারম্যান উত্তেজিত হয়ে তাঁকে (রোখসানাকে) শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ওই সময় ইউপি ভবনে উপস্থিত ছিলেন উচাখিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল বাশার। তিনি বলেন, হঠাৎই দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চেয়ারম্যান রোখসানাকে লাঞ্ছিত করেন। তবে একজন নারীর ওপর হাত তোলা খুবই লজ্জাজনক কাজ।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল হাসান খান মুঠোফোনে বলেন, রফিকুল ইসলাম নামের এক ইউপি সদস্য রোখসানার বিরুদ্ধে অশ্লীল গালাগাল করার অভিযোগ করেছেন। তিনি সভায় রোখসানাকে ডেকে এনে শাসন করেছেন। কোনো ধরনের মারধর বা লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।