নৌকার এজেন্টের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলীনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক ভোটার অভিযোগ করেন, নৌকার প্রার্থীর এজেন্ট তাঁর ভোট দিয়ে দিয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে
ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে শহরের আলীনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্টের বিরুদ্ধে এক ভোটারকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

কামরুল হাসান নামের এক ভোটার অভিযোগ করেন, তিনি তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আঙুলের ছাপ দিয়ে বুথে ঢুকতেই নৌকার এজেন্ট ইভিএম মেশিনে নৌকা প্রতীকে তাঁর ভোটটি দিয়ে দেন। এ নিয়ে প্রতিবাদ জানালে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

তবে খবর পেয়ে পুলিশ এসে নৌকার ওই এজেন্টকে ধরে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ওই এজেন্টের নাম জানা যায়নি। এ প্রসঙ্গে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাশিদুল আরমান প্রথম আলোকে বলেন, ‘আমি তখন নিজ কক্ষে অবস্থান করছিলাম। ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’

সকাল ১০টার দিকে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আপেল প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হকের সঙ্গে কথা হয়। তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারি দলের নেতা-কর্মীরা কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দেবীনগর ইউনিয়নের একটি কেন্দ্রে আমাদের একজন এজেন্টকে বের করে দিয়েছে। শহরের আলীনগর উচ্চবিদ্যালয় ও নয়াগোলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আমাদের ভোটারদের যেতে বাধা দিচ্ছে নৌকার কর্মী-সমর্থকেরা। বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তাকে মুঠোফোনে জানিয়েছি।’

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান মুঠোফোনে বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। পরে পুলিশ ও র‍্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের আনেন। সকাল সাড়ে ১০টার দিকে ওই কেন্দ্রে একটি ককটেল দেখতে পান সাংবাদিকেরা। খবর পেয়ে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ককটেলটি উদ্ধারে কাজ শুরু করেছেন।

আজ সকাল সাড়ে আটটা থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের আলীনগর উচ্চবিদ্যালয়, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রিন ভিউ উচ্চবিদ্যালয় ও জেলা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে ভোটারদের কম দেখা গেছে।