কক্সবাজারে ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার লাশ
কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে ওয়াশরুমের দরজা কেটে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লাশটি রুবেল হোসেনের (৩১)। তিনি কক্সবাজারের ১৪ এপিবিএনের অধীন ইরানি পাহাড় ক্যাম্পে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
এপিবিএন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে ক্যাম্পে রোল কলের সময় রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাঁর মুঠোফোনে কল করেও অপর প্রান্ত থেকে সাড়া পাওয়া যায়নি।
এর মধ্যে আজ ভোর পাঁচটার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ ওয়াশরুমে গিয়ে দেখেন দীর্ঘসময় ধরে দরজা বন্ধ রয়েছে। ডাকাডাকির পরও কারও সাড়া না পেয়ে তিনি ভেতরে উঁকি দেন। এ সময় মেঝেতে কাউকে পড়ে থাকতে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান তিনি। এরপর ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, উখিয়া থানা–পুলিশের একটি দল ও চিকিৎসকের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা কেটে রুবেল হোসেনকে উদ্ধার করা হয়। তবে পরীক্ষা–নিরীক্ষার পর উপস্থিত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকে রুবেল হোসেনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে রুবেল হোসেনের মৃত্যু হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।