কলারোয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মাছের পোনাবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। উপজেলার তুলশিডাঙ্গা এলাকার আলিয়া মাদ্রাসার মোড়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী তুলশিডাঙ্গা গ্রামের মুদি ব্যবসায়ী শরিফুজ্জামান বলেন, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরে যাচ্ছিল। এ সময় যশোর থেকে মাছের পোনা নিয়ে একটি পিকআপ যাচ্ছিল সাতক্ষীরায়। তুলশিডাঙ্গা মাদ্রাসা মোড়ে বাস ও ট্রাকের সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গ্লাস হাউসে ঢুকে পড়ে। এ সময় বাসের ৩০ জন যাত্রী কমবেশি আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত ব্যক্তিদের মধ্যে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন হাবিবুর রহমান, আমজাদ হোসনে, দিলীপ কুমার, হৃদয়, মফিজুল ইসলাম, আবু বক্কর, বকুল, শারমিন সুলতানা, হাবিব, পারুল আক্তার, ইলিয়াস হোসেন, তুতা, পারভিন খাতুন, খালিলুর রহমান, গোলাম মোস্তফা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নুরজাহান খাতুন, পারভিন সুলতানা, সাদিয়া ইসলাম ও বিষ্ণুপদকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বাসযাত্রী কলারোয়া রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারুল আক্তার বলেন, সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে কলারোয়া যাওয়ার জন্য তিনি বাসে ওঠেন। বাসটি জোরে চালানো হচ্ছিল। যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের কলারোয়া তুলশিডাঙ্গা এলাকার আলিয়া মাদ্রাসার মোড়ে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি পিকআপের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় বাসের অধিকাংশ যাত্রী আহত হন।
যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় কয়েক লাখ টাকার গ্লাস ভেঙে গেছে বলে জানান কলারোয়া ঔশি গ্লাস হাউসের মালিক ইদ্রিস আলী। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা গাজী আশিক বাহার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। তাঁদের চিকিৎসা শুরু করা হয়েছে। অধিকাংশ রোগী ভালো রয়েছেন। চার-পাঁচ জন রোগীর অবস্থা ভালো নয়। তাঁদের বিষয়ে ২৪ ঘণ্টা আগে কিছু বলা যাবে না।
কলারোয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা অপু মিয়া বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দীন মৃধা।