সাত এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। রোববার টাঙ্গাইল সার্কিট হাউসে
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ইতিমধ্যে বিএনপি ছাড়াও সংসদ পরিচালিত হয়েছে। সংসদে বিএনপি বিরোধী দল নয়, জাতীয় পার্টি বিরোধী দল। কাজেই তারা সংসদে এল কী গেল; তাতে কিছু যায়–আসে না। সাত এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না, আকাশ ভেঙে পড়বে না। টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ রোববার সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, একটি দেশের রাজনীতিতে বিরোধী দল খুবই গুরুত্বপূর্ণ। যেমন কাঁচির দুটি বাহু থাকে। হাঁটতে দুটি পা লাগে, তেমনই সংসদেও দুটি দল লাগে। তাই বিরোধী দল থাকা দরকার। সেখানে কেউ যদি না থাকে, তাহলে কিছু করার নেই। তার পরেও সংসদে জাতীয় পার্টি রয়েছে। ওয়ার্কার্স পার্টি রয়েছে। বর্তমানে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। বিরোধী দলের নেতারা তো বিএনপির নেতারা নন। তাদের পাঁচ–সাতজনের একটা গ্রুপ ছিল। সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, উপনেতা জি এম কাদের। তাই কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই।

আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন সময় আন্দোলনের হুমকি দিলেও তা আর বাস্তবায়ন করতে পারেন না। একসময় বলেন, ঈদের পর আন্দোলন করবেন, আবার বলেন, পূজার পর আন্দোলন করবেন। মূলকথা তাঁরা কখন আন্দোলন করবেন, তা তাঁরা নিজেরাও জানেন না। বিএনপি কী চাইল, কী চাইল না, সেই অনুযায়ী দেশ চলবে না। দেশ চলবে পবিত্র সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার জননেত্রী শেখ হাসিনারও কোনো সুযোগ বা ক্ষমতা নেই।

কৃষিমন্ত্রী বলেন, তাঁরা আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। রেললাইন উপড়ে ফেলে। আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে। আওয়ামী লীগের শক্তি দেশের সাধারণ জনগণ। সাধারণ মানুষই আওয়ামী লীগের মূল হাতিয়ার।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান প্রমুখ।