বাঘায় পানির স্তর নেমে গেছে, খরায় পুড়ে ধানে চিটা
ধানের শিষ বের হওয়ার সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে ধান চিটা হতে পারে। গতকাল বুধবার রাজশাহীর বাঘা উপজেলায় তাপমাত্রা উঠেছে ৩৯ ডিগ্রি। দেখা নেই বৃষ্টিরও। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর আগের বছরগুলোর চেয়ে নিচে নেমে গেছে। ফলে নলকূপে আর আগের মতো পানি পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় ধানে ধরেছে ‘ব্লাস্ট’ রোগ। এতে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
উপজেলার তেঁথুলিয়া, নওটিকা, ধন্দহ ও অমরপুর এলাকায় এই সমস্যা বেশি দেখা দিয়েছে। কৃষি কর্মকর্তারা ওষুধ নিয়ে এসব এলাকার মাঠে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। তাঁরা এই সময় জমিতে পানি জমিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন। কিন্তু দিনের বেলায় নলকূপে পানি ঠিকমতো উঠছে না। সারা রাত পানি দিয়েও সব জমি ভেজানো যাচ্ছে না। এই সংকটে অনেক কৃষকের জমির ধান চিটা হয়ে যাচ্ছে।
উপজেলার অমরপুর গ্রামের কৃষক নাজমুল হোসেন এবার পাঁচ বিঘা জমিতে ব্রি-২৮, ব্রি-২৯ ও কাটারিভোগ ধানের চাষ করেছেন। এর মধ্যে এক বিঘা জমিতে সবেমাত্র শিষ বের হয়েছে। এমন অবস্থায় ১০ দিন ধরে তাঁর নলকূপে পানি উঠছে না। পাশে একটি পুকুর ছিল। তা থেকেই জমিতে পানি দিচ্ছিলেন। পুকুরে যে পরিমাণ পানি আছে, তাতে আর দুই দিন চলতে পারে। এরই মধ্যে চলছে প্রচণ্ড খরা। এমন অবস্থায় পোকার উপদ্রব দেখা দিয়েছে।
গতকাল দুপুরে নাজমুল হোসেনের জমিতে গিয়ে দেখা যায়, তিনি পুকুর থেকে জমিতে সেচ দিচ্ছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এমনি পানি নাই। তার ওপর পোকায় খাইয়া সব ধান শেষ কইরি দিচ্চে। কীটনাশক কিনতেই সর্বস্বান্ত হইয়া গেনু। একুন বৃষ্টি না হলে আমার ধান বাঁচানির কুনো উপায় নাই।’
নওটিকা গ্রামের চাষি বয়েজুল ইসলাম গ্রামের পশ্চিম মাঠে ১৭ বিঘা জমিতে ধান চাষ করেছেন। সেসব ধানে শিষ বের হচ্ছে, একই সঙ্গে শিষ মারাও যাচ্ছে। বয়েজুল বলেন, দিনের বেলায় তাঁর নলকূপে পানি উঠতে উঠতে বন্ধ হয়ে যাচ্ছে। রাতের বেলায় যা উঠছে, তা গত বছরের চার ভাগের এক ভাগের সমান। এত অল্প পানিতে পুরো জমি ভেজে না। যেটুকু ভিজছে, সূর্যের তাপে তা দিনে শুকিয়ে যাচ্ছে। এর মধ্যে পোকার উপদ্রব বেড়েছে।
এভাবে তেঁথুলিয়া সিকদারপাড়া মাঠের কৃষক সাদেক আলী, রনি মওলা ও মকছেদুল ইসলামের জমি ঘুরে দেখেছেন এই প্রতিবেদক। তাঁরা সবাই পানির অভাবের কথা এবং ধানে পোকার আক্রমণের কথা বলেছেন।
নওটিকার মাঠে গিয়ে গতকাল দুপুরে বাঘা উপজেলার কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানকে পাওয়া যায়। তাঁর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও ওষুধ কোম্পানির লোকজন ও কৃষকদের নিয়ে তিনি মাঠ পরিদর্শন করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ধানের শিষ বের হওয়ার সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রির ওপরে উঠলে ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মাঠে এসে তিনি ৩৯ ডিগ্রি তাপমাত্রা পেয়েছেন। প্রকৃতির ওপরে আসলে কারও হাত নেই। অনেকের জমিতেই পানি নেই। অথচ এই সময়ে পানি জমিয়ে রাখার প্রয়োজন ছিল।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রির ওপরে রয়েছে। গত সপ্তাহে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৩৭ দশমিক ৫, শনিবার ৩৮, রোববার ৩৮ দশমিক ৬, সোমবার ৩৮ দশমিক ৬, মঙ্গলবার ৩৯ এবং গতকাল বুধবার ছিল ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ভূগর্ভস্থ পানিসম্পদের প্রাপ্যতা যাচাই কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, প্রতিবছর বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর এক ফুট করে নিচে নেমে যায়। পরের বছর তা আর ওঠে না।
গত বছর বরেন্দ্র অঞ্চলে বৃষ্টিপাত কম হয়েছে। এ জন্য পানির স্তর দুই ফুট করে নেমে গেছে। এ জন্য বাঘা উপজেলার চাষিরা যে স্তরে আগের বছর পানি পেয়েছেন, সেই স্তরে এবার পানি পাচ্ছেন না। পানি পেতে হলে আরও নিচের স্তরে যেতে হবে।