রাঙ্গুনিয়ার পাহাড়ে মিলল কৃষকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পাহাড় থেকে সুমন দে (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী পাহাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত সুমন দে একই ইউনিয়নের লক্ষ্মীছড়া গ্রামের বাসিন্দা। ত্রিপুরা সুন্দরী পাহাড় এলাকায় পানের বরজ রয়েছে তাঁর।

তাঁর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির কপালে একটি গভীর ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে কেউ তাঁকে গুলি করে হত্যা করেছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, পানের বরজ দেখাশোনা করতে সুমন দে পাহাড়টিতে একটি ছোট ঘর তৈরি করেছিলেন। বেশির ভাগ সময় রাতে ঘরটিতে থাকতেন তিনি। পাহাড়ি এলাকাটিতে সন্ত্রাসীদের উৎপাত থাকায় চাঁদার জন্য কেউ সুমন দেকে হত্যা করতে পারে বলে ধারণা তাঁর পরিবারের সদস্যদের।