মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত আজিজুল শিকদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কালকিনি উপজেলার সিডিখানে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আজিজুল কালকিনি পৌরসভার পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে থানা-পুলিশ জানায়, কালকিনির উপজেলার সিডিখান এলাকায় নোয়াব আলী নামের এক ব্যক্তির ভ্যান চুরি করার চেষ্টা করেন আজিজুল শিকদার। বিষয়টি স্থানীয় মানুষেরা দেখতে পেয়ে তাঁকে ধাওয়া দিয়ে গণপিটুনি দেন।

তখন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকার কয়েকজন তরুণ। হাসপাতালে ভর্তির সময় আজিজুল বাড়ির ঠিকানা দেন। সেটা দেখে তাঁর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফারাহান আফরোজ বলেন, আজিজুলকে হাসপাতালে নিয়ে আসার পর সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভর্তির কিছুক্ষণ পরই রোগী মারা যান। রোগীকে মারধর করা হয়েছিল বলে ধারণা করছেন।

আজিজুলের বাবা রহিম শিকদার বলেন, ‘আমার ছেলে অন্যায় করলে তার বিচার করবে প্রশাসন। কিন্তু কিছু মানুষ আমার ছেলেকে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মেরে ফেলছে। এই ঘটনার বিচার চাই।’

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।