রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে না শিক্ষার্থীরা

বান্দরবান পৌরসভা আয়োজিত সংবর্ধনায় অনুষ্ঠানে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা। আজ দুপুরে তোলা
প্রথম আলো

তারা কেউ রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে না; হতে চায় চিকিৎসক, প্রকৌশলী কিংবা বিজ্ঞানী। কেউ কেউ অবশ্য শিক্ষক ও ব্যবসায়ী হওয়ার কথাও বলেছে। বান্দরবানে এবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা আজ সোমবার এক সংবর্ধনা সভায় এমন ইচ্ছার কথাই জানিয়েছে।

আজ বান্দরবান পৌরসভা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনার আয়োজন করে। আয়োজনে ভবিষ্যতে কী হতে চায়, তা লিখতে বলা হয়েছিল শিক্ষার্থীদের। মেধাবীদের কেউই রাজনীতিবিদ হওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। শিক্ষার্থীদের মধ্যে জেলায় সর্বোচ্চ নম্বর পাওয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ঐশ্বর্য চক্রবর্তী বলে, বড় হয়ে সে সমাজকে পেছনে টেনে রাখা নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করবে। তবে সে–ও রাজনীতিবিদ হওয়ার কথা উল্লেখ করেনি।

বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহাজাহান সিরাজ ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকেরা। সভাপতিত্ব করেন পৌরসভা প্রশাসক এস এম মনজুরুল হক।

পৌরসভার কর্মকর্তারা জানিয়েছেন, পৌর শহরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবারে এসএসসি ও দাখিল পরীক্ষায় ৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বোচ্চ ৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ সংবর্ধনায় প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজবন্ড প্রদান করেছে। এ ছাড়া দরিদ্র ১০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণাও দিয়েছে।