পীরগঞ্জ পৌরসভা
পানি জমে মাঠে বড় গর্ত, ভোগান্তি
পৌর এলাকায় আর কোনো মাঠ না থাকায় এ ভাঙা মাঠেই চলছে খেলাধুলা ও জাতীয় প্রতিযোগিতার আসর।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার মাঠটি বর্তমানে বেহাল। বর্ষাকালে পানির তোড়ে মাঠের এক পাশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়। এ ছাড়া মূল মাঠের যত্রতত্র অনেক গর্তের সৃষ্টি হয়েছে। পীরগঞ্জ পৌরসভায় এটি ছাড়া আর কোনো মাঠ না থাকায় এ ভাঙা মাঠেই চলছে খেলাধুলা ও জাতীয় প্রতিযোগিতার আসর।
এ মাঠকে ডাকবাংলো মাঠও বলা হয়। গতকাল শনিবার দেখা যায়, মাঠের কিছু অংশে ফুটবল ও কিছু অংশে ক্রিকেট খেলছে শিশু–কিশোর ও তরুণেরা। মাঠের উত্তর-পূর্বাংশে বড় গর্ত। মাঠের পূর্ব দিকে শহীদ মিনার, মুক্তিযোদ্ধা পুকুর এবং উত্তর পাশে পীরপুকুর। আর পীরপুকুরের পূর্ব পাশে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।
মাঠে থাকা খেলোয়াড়েরা বলেন, গত বৈশাখ মাস থেকে বৃষ্টির পানি জমে মাঠের ওই জায়গা ভাঙতে শুরু করে। বর্ষায় পানিতে পুকুরের ও বিদ্যালয়ের মাঠের মাঝের অংশ ধসে গেছে। মাঠের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।
সবুজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, মাঠের উত্তর দিকে পুকুরের পাড় দিয়ে বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তা। পুকুর ও মাঠের কোনা বরাবর ভেঙে যাওয়ায় স্কুলের প্রায় ৫০০ শিক্ষার্থীকে পুরো মাঠ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। তা–ও আবার মাঠ পানি–কাদায় সয়লাব থাকে।
ফুটবল খোলোয়াড় রমজান আলী বলেন, বল একটা ভালোভাবে মারলে পুকুরে গিয়ে পড়ে। সেখান থেকে বল তুলে আনতে খেলোয়াড়কে পানিতে নামতে হয়। মাঠের ভাঙা জায়গা মেরামতের ব্যাপারে তাঁরা কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
স্থানীয় লোকজন বলেন, করোনার প্রকোপকালে পৌরসভা ও উপজেলা প্রশাসন ভিড় এড়ানোর জন্য মাঠে তরকারি ও সবজির হাট বসানোর অনুমতি দিয়েছিল। ওই সময় প্রায় দেড় বছর মাঠে হাট বসায় মানুষ আর ট্রাক-ভ্যান চলাচলের কারণে মাঠটি ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের অভাবে সেটা ঠিক হয়নি।
পীরগঞ্জ পৌরসভার মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মো. ইকরামুল হক বলেন, পৌরসভায় বিশেষ বরাদ্দ নেই, আপাতত টাকা খরচ করে মাঠের গর্ত ভরাট ও মাঠটি মেরামত করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ পাওয়া গেলেই কাজ শুরু করা হবে। ভাঙা জায়গাটি ভরাট করার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাহরিয়ার নজিরকে গতকাল রোববার বেলা আড়াইটায় মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হয়। তিনি ফোন না ধরায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি।