যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের জন্য অসম্মানজনক: নজরুল ইসলাম খান
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অসম্মানজনক বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এই মন্তব্য করেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কিশোরগঞ্জ জেলা শহরের রথখলা ময়দানে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান। ওই সমাবেশে তিনি তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি সম্পর্কে আরও বলেন, ‘শুধু বাংলাদেশের জন্য ভিসা রেস্ট্রিকশনের নীতি হয়নি। নাইজেরিয়াতে হয়েছে। আমরা কি দুর্নীতি-অনাচারগ্রস্ত নাইজেরিয়ার সমান? মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন এ দেশে এর আগে কত সরকার গেছে। কখনো তো এ রকমের আইন আসেনি। কেন এল এটা?’
বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা থাকার কথা উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক জাতীয়তাবাদী দল। আমরা পরিবর্তন চাই, কিন্তু সেটা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কোনো সন্ত্রাস কিংবা অন্য কোনো পন্থায় আমরা পরিবর্তন চাই না। কেননা জনগণের ক্ষমতার ওপর আমাদের বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে আজ পর্যন্ত কোনো স্বৈরাচার, কোনো অত্যাচারী শাসক টেকেনি, এখনো টিকবে না, আগামী দিনেও টিকবে না।’
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। এতে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লায়লা বেগম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি রেজাউল করিম খান, জাহাঙ্গীর আলম, রুহুল হুসাইন, মো. জালাল উদ্দিন, শরীফুল ইসলাম ও রুহুল আমিন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
আজকের কর্মসূচিতে নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতা–কর্মী যোগ দেন। এ সময় নেতা–কর্মীদের ভিড়ে রথখলা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে রথখলা ময়দানকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এ ছাড়া রথখলা এলাকার বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।