অভিযোগপত্র দিতে বাধা কারা, খুঁজে বের করার দাবি ত্বকীর বাবা রফিউর রাব্বির

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৩ মাস উপলক্ষে আয়োজিত মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য দেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারেছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে কারা বাধা হয়ে দাঁড়িয়েছে, তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি বলেন, ১০৬টি ধার্য তারিখ পার হলেও কেন এখনো অভিযোগপত্র দেওয়া হলো না, কে এর পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছে, তা খুঁজে বের করে বিচার শুরু করতে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৩ মাস উপলক্ষে আয়োজিত মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে রফিউর রাব্বি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে।

রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার শাসনামলে সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছিল। ওই সময়ে ওসমান পরিবার নারায়ণগঞ্জে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল। তাঁর অভিযোগ, তখন বিএনপির অনেক নেতাও ওসমান পরিবারের সহযোগী ছিলেন এবং তাঁদের মঞ্চে উঠেছেন।

রফিউর রাব্বি বলেন, আজকে ঘাতক ওসমান পরিবার পালিয়ে গেলেও তাদের সে সময়ের বিএনপির সহযোগীরা এখন তাদের ব্যবসা পরিচালনাসহ তাদের হয়ে নারায়ণগঞ্জে কাজ করে চলেছে। তাঁর অভিযোগ, ওসমান পরিবার বিদেশে থেকে তাঁদের মাধ্যমে ত্বকী হত্যা মামলার তদন্ত বিলম্বিত করছে। এসব ব্যক্তি তদন্তকারী সংস্থাকে বিভিন্নভাবে প্রভাবিত করছেন বলেও অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে রফিউর রাব্বি বলেন, আপনার দলের কারা ওসমান পরিবারের ছায়া হয়ে কাজ করছে, তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর নিন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

কর্মসূচিতে বক্তারা ত্বকী হত্যার নির্দেশদাতা হিসেবে শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান এবং ক্যাডার শাহ নিজামসহ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ত্বকী, সাগর-রুনি, তনুসহ নারায়ণগঞ্জে ওসমান পরিবারের কারণে নিহত ব্যক্তিদের হত্যার বিচার দাবি করেন তাঁরা।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলা সদস্যসচিব আবু নাইম খান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, মহিলা পরিষদের জেলা সংগঠক শাহানারা বেগম ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ২০১৪ সালের ৫ মার্চ র‍্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। শিগগিরই অভিযোগপত্র আদালতে দেওয়া হবে বলেও তখন জানানো হয়েছিল। তবে এখনো সেই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি।