শেখ হাসিনার অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না: রুহুল কবির রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে জিনজিরা এলাকায়
ছবি: প্রথম আলো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দিচ্ছে না কেন? তিনি যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যান, তাহলে সেখানকার চিকিৎসায় ধরা পড়তে পারে, কারাগারে বন্দী রাখা অবস্থায় তাঁর খাবারে বিষ মেশানো হয়েছিল কি না। বিদেশে উন্নত ল্যাবের পরীক্ষায় এটা ধরা পড়তে পারে। এ কারণেই দেশনেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না।’

আরও পড়ুন

আজ শনিবার সকালে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় ঢাকা জেলা বিএনপির আয়োজনে চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনার অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন। তাঁর নির্বাচনে বিরোধী দল থাকে জেলখানায়। নির্বাচনী মাঠ শূন্য করার জন্য এই সরকার একের পর এক পদ্ধতি গ্রহণ করে। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয় না।’

আরও পড়ুন

রিজভী আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য ২০১৮ সালে নির্বাচনের আগে কারাগারে নেওয়া হয়েছিল। কারণ, শেখ হাসিনার একতরফা নির্বাচনের জন্য সবচেয়ে বড় ভয় ছিল বেগম খালেদা জিয়া। পথের কাঁটা দূর করতে, নির্বাচনের মাঠ শূন্য করতে রাষ্ট্রশক্তি ও আইন-আদালত ব্যবহার করে তাঁকে বন্দী করা হয়েছিল। যে মানুষটি সুস্থ অবস্থায় কারাগারের ভেতরে গেলেন, আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কেন? নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য এদেশের সব জনগণ, কৃষক-শ্রমিক, ছাত্র-পেশাজীবীরা রাজপথে নামছেন। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে।

আরও পড়ুন

পদযাত্রা কর্মসূচিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, ধামরাই, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জিনজিরা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে পদযাত্রা সমাবেশে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবীর ও সাধারণ সম্পাদক ইয়াসিন মুরাদ প্রমুখ।