সরকার যদি ভুল করে, আপনারা ধরিয়ে দেবেন: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনেছবি: প্রথম আলো

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। তারেক রহমানের সরকার গণমাধ্যমবান্ধব সরকার। সাংবাদিকেরা যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে তা অব্যাহত রাখবেন। সরকার যদি ভুল করে, আপনারা ভুল ধরিয়ে দেবেন। তবে কেউ যেন মিথ্যা অপপ্রচার না করে। সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা, কালোকে কালো। আমরা সেটাই দেখতে চাই, জনগণ সেটা দেখতে চায়।’

শনিবার বিকেল পাঁচটায় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর, ঈদ উপহার বিতরণ ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী এ কথা বলেন। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিকদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আজকে সরকারে আছি, ভবিষ্যতে যদি সরকারে না–ও থাকি, তবু সাদাকে সাদা, কালোকে কালো—এই ধারা যেন অব্যাহত থাকে, সেদিকে আমাদের নজর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা—গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে ও স্বাধীনভাবে কাজ করতে পারে, আমরা সেটা চাই। আপনারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন, শুধু গণমাধ্যম নয়, বাংলাদেশের জন্য তা সুফল বয়ে আনবে। আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। এখানে গণমাধ্যম যেভাবে আমাদের সহযোগিতা করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, সে অবদান ভোলার নয়। আপনারা পরিশ্রম করে সঠিক তথ্য ও খবর জনগণের মধ্যে ‍তুলে না ধরলে আমরা এই গণতন্ত্র ফিরে না–ও পেতে পারতাম। এ জন্য আমার দল ও সরকারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলী প্রমুখ।

এর আগে বেলা সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সেখানে কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজমুক্ত করে গড়ে তুলতে চাই। মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকারের জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আমার বা দলের নাম ভাঙিয়ে অনৈতিক কিছু করতে এলে কঠোর ব্যবস্থা নেবেন।’

কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা রাজনীতি করি, জনগণের ভোটে আমরা প্রতিনিধি নির্বাচিত হয়েছি। আমাদের কাছে সাধারণ জনগণ থেকে শুরু করে সব ধরনের লোক প্রয়োজনে আসবে। অপর পক্ষে অসাধুরা কাছের লোক হিসেবে পরিচয় দিয়ে অন্যায় তদবির করতে চাইবে। কে আলেম, কে জালেম, সেটা নির্ধারণ করা আমার পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তাই আপনাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে, কেউ যেন ধোঁকা দিতে না পারে। যারা একান্তই প্রাপ্য, তারা যেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পায়।’ এ সময় নগরীর যানজট নিরসনে রাস্তাঘাটের অবৈধ স্থাপনা অপসারণসহ কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।