উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে আবদুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ঈশ্বরদী-ঢাকা রেলপথের উল্লাপাড়া রেলস্টেশন সংলগ্ন শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আবদুর রহমান উল্লাপাড়া উপজেলার বড় মাতোয়াকান্দি গ্রামের আবদুল মজিদের ছেলে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল বাতেন বলেন, ওই ব্যক্তি রেলপথ ধরে হেঁটে উল্লাপাড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে যান।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহত ব্যক্তির স্বজনেরা ময়নাতদন্ত না করে লাশপ্রাপ্তির আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।