নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, যাত্রীদের ভোগান্তি
চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মহানগর এক্সপ্রেস ট্রেনের মাঝামাঝি স্থানের একটি বগি লাইচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে চট্টগ্রামমুখী লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল করছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়নি। এ কারণে ট্রেনটির কয়েক শ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। অনেকে এরই মধ্যে বিকল্পভাবে গন্তব্যে রওনা হয়েছেন।
নাঙ্গলকোট রেলস্টেশন সূত্রে জানা যায়, বেলা ৩টা ১৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ট্রেনের এসি চেয়ার কোচের বগি নম্বর ছ-১৩১৮টি রেলপথ থেকে ছিটকে পড়ে, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
নাঙ্গলকোট রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার জামাল উদ্দিন বলেন, এই লাইন দিয়ে বর্তমানে দুই দিকের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে দ্রুত লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি উদ্ধার এবং লাইন মেরামতে করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নাঙ্গলকোটের মাঝিপাড়া গ্রামের বাসিন্দা বজলুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন অতিক্রম করে নাঙ্গলকোটের মাঝিপাড়া নামকস্থানে পৌঁছালে একটি বিকট শব্দ হয়। এ সময় ট্রেনের একটি এসি বগি লাইনচ্যুত হয়। একপর্যায়ে যাত্রীদের চিৎকারে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন, তবে এ ঘটনায় কেউ আহত হননি।
ট্রেনটির চট্টগ্রাম থেকে কসবাগামী যাত্রী এনামুল হক বলেন, মাঝিপাড়া নামকস্থানে এলে বিকট আওয়াজে ট্রেনের মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি দুর্ঘটনাকবলিত হওয়ার ঘণ্টা পার হলেও উদ্ধারকাজ শুরু হয়নি। এ ছাড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানো নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত রেলওয়ের কর্তৃপক্ষের লোকজন, রেলওয়ের পুলিশসহ প্রশাসনের কোনো লোক ঘটনাস্থলে আসেননি। আমরা গন্তব্যে পৌঁছানো নিয়ে দুর্ভোগে আছি।’