মাতৃভাষাকে বাঁচাতে তাঁদের নানা উদ্যোগ

মণিপুরি, খাসি, ককবরক, কুরুখ ভাষা রক্ষায় স্কুল প্রতিষ্ঠা, বই প্রকাশ, গবেষণাসহ নানামুখী প্রচেষ্টা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মণিপুরি ভাষা শিক্ষার ক্লাস। প্রথম আলো

মৌলভীবাজার জেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় ২০টি মাতৃভাষা রয়েছে। এর মধ্যে মণিপুরি, খাসি, ককবরক, কুরুখ ভাষা অন্যতম। নতুন প্রজন্মের অনেকেই মায়ের ভাষায় পড়তে, লিখতে বা কথা বলতে পারেন না। এ অবস্থায় এসব মাতৃভাষাকে বাঁচিয়ে রাখতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে চালানো হচ্ছে নানামুখী প্রচেষ্টা। শ্রীমঙ্গলের ডলুছড়া ত্রিপুরা পল্লির যুবরাজ দেববর্মা ককবরক ভাষায় অনুবাদ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী।

জেলার কমলগঞ্জের ১৪টি গ্রামে প্রায় ১০ হাজার মণিপুরি ভাষাভাষী লোকের বাস। তাঁরা মণিপুরি ভাষায় কথা বললেও অনেকেই এ ভাষার বর্ণমালায় পড়তে-লিখতে জানেন না। বেসরকারি উন্নয়ন সংস্থা একডোর (এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) প্রতিষ্ঠান ‘মণিপুরি ল্যাঙ্গুয়েজ সেন্টার’ (এমএলসি) সহায়ক হিসেবে ২০১৫ সাল থেকে শেখাচ্ছে মণিপুরি ভাষা। এ প্রতিষ্ঠানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মণিপুরি বর্ণমালা ও ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে। তৈরি করা হয়েছে ‘মণিপুরি লোনদাম লাইরিক’ বা মণিপুরি ভাষা শিক্ষার বই।

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনথৌজম শিল্পী অনলাইন-অফলাইনে মণিপুরি ভাষা শেখাচ্ছেন। এ ছাড়া ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুঞ্জ রানী সিনহার উদ্যোগে প্রতি মঙ্গলবার বিদ্যালয় ছুটির পর শিশু শিক্ষার্থীদের এক ঘণ্টা মণিপুরি বর্ণমালা শেখানো হয়। এখানেও পাঠ দান করেন কনথৌজম শিল্পী। হকতিয়ার খোলা গ্রামে বৃন্দা রানী সিনহার ভাষা প্রশিক্ষণ কেন্দ্রেও মণিপুরি ভাষা শেখানো হয়।

জেলার পাহাড়ি বনাঞ্চলে প্রায় ৮০টি খাসি (খাসিয়া) পানপুঞ্জি রয়েছে। এর মধ্যে পাহাড়ি আদিবাসী গ্রাম হোসনাবাদে ২৭টি খাসি পরিবারের প্রায় ২০০ লোকের বাস। তাঁদের প্রধান পেশা পান চাষ। খাসি ভাষার অনেকেই মাতৃভাষায় পড়ালেখা করতে পারেন না। এ ভাষার বিলুপ্তি ঠেকাতে শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের হোসনাবাদ খাসি পানপুঞ্জিতে চালু করা হয়েছে মাতৃভাষার স্কুল। বাংলা মাধ্যমে পাঠদান শেষে পুঞ্জি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একই স্কুলে খাসি ভাষা শেখানো হচ্ছে।

হোসনাবাদ পুঞ্জি প্রাইমারি বিদ্যালয়ে গত বছরের নভেম্বরে শুরু করা হয় ভাষার স্কুল। হোসনাবাদ পুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) ক্রিন পতাম বলেন, খাসি ভাষা সবাই ভুলে যাচ্ছে। কেউ কেউ মাতৃভাষায় কিছু কিছু কথা বলতে ও লিখতে পারে। কিন্তু অর্থটা বুঝতে পারে না। এ জন্য স্কুলটা শুরু করা হয়েছে।

বৃহত্তর সিলেটের ১৬টি গ্রামে ত্রিপুরা জনগোষ্ঠীর প্রায় পাঁচ হাজার লোক রয়েছে। গ্রামগুলোর বেশির ভাগ পাহাড়ি, প্রত্যন্ত ও সীমান্তঘেঁষা। ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন নিজেদের মধ্যে কথাবার্তায় ‘ককবরক’ ব্যবহার করেন। তবে লেখা ও পড়ার ক্ষেত্রে বাংলা ভাষার একক প্রভাব রয়েছে। দেশে আড়াই লাখের বেশি ককবরক ভাষাভাষী ত্রিপুরা জনগোষ্ঠীর বাস। ককবরক মূলত দুটি শব্দের একক রূপ। কক অর্থ ভাষা এবং বরক অর্থ মানুষ। অর্থাৎ ত্রিপুরা মানুষের ভাষা।

শ্রীমঙ্গলের ডলুছড়া ত্রিপুরা পল্লির যুবরাজ দেববর্মা নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। তিনি ককবরক ভাষায় অনুবাদ করেছেন অসমাপ্ত আত্মজীবনী। নাম দিয়েছেন ‘পাইথাকয়া লাংমা’।

যুবরাজ দেববর্মা বলেন, ডলুছড়ায় একটি ককবরক ভাষার স্কুল চালু করেছিলেন। কিন্তু অর্থাভাবে সেটি চালু রাখতে পারেননি।

ককবরকের নিজস্ব হরফ নেই। রোমান ও বাংলায় লেখা হয়ে থাকে। ত্রিপুরা জনগোষ্ঠীর জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা বলেন, ‘মৌখিকভাবে ভাষাটারে ধরে রাখছি। ছেলেমেয়েরা অনেকেই ভুলে গেছে। ভাষাটা রক্ষায় কোনো কার্যক্রম নিতে পারছি না।’

উরাংদের মাতৃভাষার নাম কুরুখ। ভাষাটি এখন উরাংদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভুলতে বসেছে। বাংলাদেশে কুরুখ ভাষার নিজস্ব বর্ণমালা নেই। তবে ভারতে ‘তোলং সিকি’ নামে উরাং জনগোষ্ঠীর লিপি রয়েছে।

উরাং জনগোষ্ঠীর কুরুখ ভাষা পরিচয় ও অভিধান নামের একটি গবেষণাধর্মী বই লিখেছেন গবেষক দীপংকর শীল। তিনি বলেন, কুরুখ শব্দের প্রয়োগ ক্রমশ কমে আসছে। পরিবারের বয়স্করা কুরুখ জানলেও সেটা ঘরোয়া কথাবার্তায় ব্যবহার করা হয় না। যেখানে কুরুখ ভাষাভাষী লোকসংখ্যা বেশি, সেখানে কুরুখ ভাষা টিকে আছে। কুরুখ ভাষা বলয়ের ভেতরে যেসব শিশু রয়েছে, তারা আবার কুরুখ ছাড়া অন্য ভাষা বোঝে না। এমন বেশ কয়েকজন শিশু পাওয়া গেছে।

স্থানীয়ভাবে কুরুখ ভাষা শেখানোর কোনো উদ্যোগ নেই জানিয়ে দীপংকর শীল প্রথম আলোকে বলেন, কোনো বিপন্ন ভাষাকে রক্ষা করতে হলে সেই ভাষায় প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, পারিবারিকভাবে মাতৃভাষা ব্যবহার করতে হবে, মাতৃভাষায় সৃজনশীল লেখালেখিতে যুক্ত হতে হবে।