রান্নায় ব্যস্ত ছিলেন মা, পুকুরের পানিতে ভাসছিল ২ বছরের মেয়ে
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলার সমন্তাহার গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটির নাম আয়েশা খাতুন। সে আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের আবদুল মজিদের মেয়ে। শিশুটি মায়ের সঙ্গে তার নানা বাড়িতে থাকত। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও মৃত শিশুর পরিবার সূত্রে জানা যায়, শিশু আয়েশার বাবা আবদুল মজিদের সঙ্গে তার মায়ের দাম্পত্য কলহ চলছে। প্রায় সাত মাস আগে আয়েশাকে সঙ্গে নিয়ে তার মা বাপের বাড়ি ক্ষেতলাল উপজেলার সমন্তাহার গ্রামে চলে আসেন। আজ সকাল সাড়ে আটটার পর শিশুটি খেলছিল। তখন তার মা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। সকাল ৯টার দিকে ৮ বছরের এক ছেলে পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় পুকুরের পানিতে শিশু আয়েশাকে ভাসতে দেখে স্থানীয় লোকজনকে জানায়। তখন আয়েশার স্বজনেরা পুকুরে নেমে তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকেরা আয়েশাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশু আয়েশার মৃত্যু হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানী বলেন, শিশুটির মা–বাবার মধ্যে দাম্পত্য কলহ চলছে। শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। সকালে খেলার সময় পুকুরের পানিতে ডুবে সে মারা যায়। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।