ফরিদপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯, বাড়িঘরে ভাঙচুর–লুটপাট
ফরিদপুরের সালথায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের সমর্থকদের বিরুদ্ধে অন্তত আটটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাংরাইল গ্রামের বাসিন্দা মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল বিকেল চারটার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
গতকাল বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন। তাঁদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে আহত ছয়জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, সংঘর্ষের সুযোগ নিয়ে দুই পক্ষের লোকজন পরস্পরের বাড়িতে হামলা চালান। এতে অন্তত আটটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
এ বিষয়ে মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।