মায়ের সঙ্গে ঈদ করতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মায়ের সঙ্গে ঈদ করার জন্য বাড়ি ফিরছিল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোসা. মানসুরা আক্তার (১০)। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর কেশবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মানসুরা আক্তার উত্তর কেশবপুর গ্রামের প্রয়াত শাহজাহান মৃধার মেয়ে। এক ভাই ও এক বোনের মধ্যে মানসুরা ছিল ছোট। সে মমিনপুর গ্রামের নানা মো. সাহেব আলী খন্দকারের বাড়িতে থেকে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুটি পেয়ে মায়ের সঙ্গে ঈদ করার জন্য নানাবাড়ি থেকে বাড়ি ফিরছিল মানসুরা। রাত পৌনে আটটার দিকে বাড়ির কাছাকাছি চৌমুহনী বাজারের উত্তর পাশে পৌঁছালে পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানসুরার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেয়ের মৃত্যুতে মা মাকসুদা বেগম পাগলপ্রায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।