সন্তান প্রসবের জন্য অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, ট্রাকের ধাক্কায় গেল প্রাণ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সুমন্তি চাকমা (৩০)। তিনি সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আজ তাঁকে সন্তান প্রসবের জন্য সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে দুর্ঘটনায় তিনি ও তাঁর গর্ভে থাকা সন্তানের মৃত্যু হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সকালে একটি অটোরিকশায় করে তাঁকে সন্তান প্রসবের জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। উপজেলার চাম্পাতলি এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সুমন্তি চাকমা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ডাম্প ট্রাকের ধাক্কায় আহত এক শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে তিনি নিহত হয়েছেন কি না, বিষয়ে জানেন না।