রংপুরে ঈদে বিশেষ ট্রেন বরাদ্দ নেই, যাত্রীরা ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর রেলস্টেশনে আসা একটি ট্রেন
প্রথম আলো ফাইল ছবি

রংপুর বিভাগীয় নগরে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য এবারও কোনো বিশেষ ট্রেন বরাদ্দ নেই। এর ফলে ট্রেনযাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে উত্তরাঞ্চলের যাত্রীরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ঈদে বিশেষ ট্রেন বরাদ্দের দাবি জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ ফেসবুকেও পোস্ট দিয়েছেন।

রংপুর থেকে একটি দিবাকালীন ট্রেন চালুর দাবি জানিয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, রংপুর বিভাগীয় শহর হওয়ার পরও ঈদে বিশেষ ট্রেন বরাদ্দ পায়নি। এই ঈদে বিশেষ ট্রেন বরাদ্দের জোর দাবি জানান তিনি।

রংপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রংপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেন ঢাকা-রংপুর চলাচল করছে। সেটা আবার দিনে একবার। এই ট্রেন রংপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি আবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় রংপুরের উদ্দেশে ছেড়ে আসে। ১৪টি বগি নিয়ে চলাচল করে থাকে এটি। তবে ঈদের কয়েক দিন আগে বিশেষভাবে তিনটি বগি যুক্ত করে প্রায় ১৩৩টি আসন বাড়ানো হয়ে থাকে। এবার এখনো তা সিদ্ধান্ত হয়নি। আরেকটি আন্তনগর ট্রেন কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস সকাল সাড়ে আটটায় রংপুর রেলস্টেশনের ওপর দিয়ে চলাচল করে। এই ট্রেনে রংপুরের ভাগে রয়েছে ১০০টি আসন।

ঈদে নাড়ির টানে ঢাকা থেকে মানুষজন গ্রামের বাড়িতে ছুটে আসেন। অনেকে ট্রেন ও বাসের টিকিট না পেয়ে ঝুঁকি নিয়ে বাস ও ট্রেনের ছাদে যাতায়াত করেন। এ ছাড়া ঢাকায় সন্তানদের নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের জন্য থাকেন অভিভাবকেরা। তাঁরা ঈদ করতে কীভাবে রংপুরে আসবেন এবং ঈদের পরে আবার ঢাকায় কীভাবে ফিরে যাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। আনিসুর রহমান নামের এক অভিভাবক বলেন, ভর্তি কোচিংয়ের জন্য সন্তান নিয়ে ঢাকায় থাকছেন। কিন্তু এই ইদে ঢাকা থেকে কীভাবে রংপুরে আসবেন, তা নিয়ে চিন্তার শেষ নেই।

রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী প্রথম আলোকে বলেন, দিবাকালীন রংপুর এক্সপ্রেস ট্রেনের দাবি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। এ নিয়ে অনেক আন্দোলন করা হয়েছে। এবার ঈদের বিশেষ ট্রেন বরাদ্দ না হওয়ায় রংপুরকে আবারও বঞ্চিত করা হলো। গত বছর ঈদেও বঞ্চিত করা হয়েছিল।

রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শংকর গাঙুলি প্রথম আলোকে বলেন, দেশের অন্য অনেক জেলায় ঈদের বিশেষ ট্রেন বরাদ্দ হলেও রংপুরে বরাদ্দ মেলেনি। রংপুর-ঢাকা-রংপুর যাওয়া-আসা করতে একমাত্র রংপুর এক্সপ্রেস ট্রেনে প্রতিদিন মাত্র ১৭৫টি টিকিট বরাদ্দ। তবে ঈদের কয়েক দিন আগে তিনটি বগি যুক্ত হতে পারে। তখন রংপুর-ঢাকা যাতায়াতের জন্য আরও ১৩৩টি আসন বাড়বে।