ফরিদপুরে অটোরিকশাচালককে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের
ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, ঋণের টাকা পরিশোধ করতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছেন সোহাগ মৃধা (২৪) নামের এক তরুণ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
অটোরিকশাচালকের নাম আনু মৃধা (৫০)। তিনি ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর পূর্ব মল্লিকপাড়া এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৬ এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় আবদুর রাজ্জাকের কলাবাগান থেকে অটোরিকশাচালক আনু মৃধার লাশ উদ্ধার করা হয়। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এদিন দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন আনু মৃধা।
এ ঘটনায় ১৭ এপ্রিল আনুর ছেলে পিয়াস মৃধা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সোহাগ মৃধা ও অটোরিকশাচালক আনু মৃধা একই এলাকার বাসিন্দা। ১৬ এপ্রিল সোহাগ ৩০ টাকায় অটোরিকশাটি ভাড়া করেন। পরে স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাকের কলাবাগানের কাছে গিয়ে অটোরিকশাটি থামিয়ে বাগানের ভেতর কেটে রাখা ঘাস আছে জানিয়ে ভেতরে যান। একটু পরে সোহাগ ফিরে এসে চালক আনুকে বলেন ঘাসের বস্তার ওজন বেশি হওয়ায় একা আনা যাচ্ছে না, তাঁর সহযোগিতা দরকার। পরে আনু বাগানের ভেতরে গেলে পেছন থেকে তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শুক্রবার প্রথমে আক্কাস আলী শেখকে (৪৫) ও পরে রবিউল মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে রাত সোয়া ১২টার দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের মোল্লার পাড়া এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, সোহাগ মৃধা সম্প্রতি ব্যবসা করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হন, ফলে তিনি দেনাগ্রস্ত হয়ে পড়েন। স্ত্রীর গয়না বন্ধকও রেখেছিলেন। ঋণ পরিশোধের জন্য সোহাগ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার মো. শাজাহান বলেন, এ ঘটনায় সোহাগকে আসামি করা হবে। রবিউল ও আক্কাসকে সাক্ষী করে আদালতে সোপর্দ করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম, মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জব্বার হোসেন উপস্থিত ছিলেন।