সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ২০০ কারাখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। হেমায়েতপুরে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
পাল্টাপাল্টি ধাওয়ায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বেশ কয়েকজন আহত হয়েছেন।
শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাভার ও আশুলিয়ায় উদ্ভুত পরিস্থিতিতে ২০০ শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হেমায়েতপুর থেকে সিংগাইর সড়ক থেকে বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। হামলায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, চার সাংবাদিক ও কয়েকজন শ্রমিক আহত হন।
এরপর শ্রমিকেরা প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা–আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় অবরোধ করে বিক্ষোখ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়।
প্রায় একই সময়ে সাভারের উলাইল এলাকায়ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেন আন্দোলনকারী শ্রমিকেরা। তাঁরা আল মুসলিম গ্রুপের কারখানাসহ আশেপাশের পোশাক কারখানাগুলোতে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে উপস্থিত পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নরসিংহপুরসহ বিভিন্ন স্থানে সকাল ১০টার পর শ্রমিকেরা জড়ো হন। তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এই পরিস্থিতিতে ওই এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
আজ সন্ধ্যা সাতটার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন প্রথম আলোকে বলেন, শ্রমিকদের ঘিরে দুষ্কৃতিকারীরা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। যেখানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজনের সংখ্যাই বেশি। হেমায়েতপুরে শুরুতে এরাই গার্মেন্টসে হামলা করে, তখন শ্রমিকেরা ভয় পেয়ে বের হয়ে আসেন। গার্মেন্টসের প্রকৃত শ্রমিক যারা তারা কিন্তু আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।
এসপি শামীমা পারভীন জানান, হেমায়েতপুর এলাকা থেকে একটি ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় একজনকে আটক করা হয়েছে।