মাছ-মুরগি কিনতেই টাকা শেষ, ডিম কেনা হলো না বোরহান উদ্দিনের
পরিবারের সাপ্তাহিক বাজার করতে এসেছেন চট্টগ্রাম নগরের শাহ ওয়ালিউল্লাহ আবাসিক এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী বোরহান উদ্দিন। আজ শুক্রবার সকালে নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, দুই হাজার টাকার মধ্যে সপ্তাহের বাজার করতে এসেছেন। তবে তালিকায় থাকা সবকিছু কেনা হবে বলে তিনি নিশ্চিত নন।
বোরহান উদ্দিন জানান, আট সদস্যের পরিবার তাঁদের। মা, ভাই-ভাবি ও ছোট দুই ভাই-বোন আছে। তাঁদের জন্য মুরগি কিনেছেন। এ ছাড়া তেলাপিয়া মাছ কিনেছেন ঘরের বাকি সদস্যের জন্য। অন্তত সপ্তাহ কিংবা পাঁচ দিন এই বাজারে চালিয়ে নেবেন।
মাছ-মাংসেই দেড় হাজার টাকা শেষ জানিয়ে বোরহার উদ্দিন বলেন, তিনটি মুরগি কিনেছেন সপ্তাহের জন্য। প্রায় সাড়ে পাঁচ কেজি মুরগির দাম পড়েছে ৯৭০ টাকা। কেজি পড়েছে ১৭৩ টাকার আশপাশে। তিনটি তেলাপিয়ায় ১ কেজি ৭০০ গ্রাম হয়েছে। দাম পড়েছে ২৪০ টাকা করে। সব মিলিয়ে ১ হাজার ৪০০ টাকা শেষ। এখনো সবজি-ডিম বাকি। এই টাকায় বাকি বাজার কীভাবে হবে, তা জানেন না তিনি। বাজার ঘুরে সস্তা তরকারি কোথাও পাননি। তাই পুরো বাজার না করেই ফিরতে হবে তাঁকে।
সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারে বেড়েছে মুরগি, সবজি ও মাছের দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি ব্রয়লার মুরগিতে দাম বেড়েছে ১০ টাকা। এ ছাড়া শীতের আগাম সবজির মধ্যে অধিকাংশ সবজির দাম ৬৫ টাকার বেশি। এ কারণে বোরহান উদ্দিনের মতো মধ্যম আয়ের মানুষকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার ১৬০ টাকার মধ্যে বিক্রি হলেও আজ শুক্রবার প্রতি কেজি ব্রয়লার বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। সাধারণ মানুষ সে সব মাছ (রুই, কাতলা, পাঙাশ, তেলাপিয়া) বেশি কেনে তাঁর সব কটির দাম বেড়েছে সপ্তাহ ব্যবধানে। ২০০ টাকার নিচে শুধু পাঙাশই পাওয়া যাচ্ছে বাজারে। এ ছাড়া তেলাপিয়া আকারভেদে ১৮০ থেকে ২৬০ এবং রুই ও কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
মাছ-মাংসের বাজার শেষে বোরহান উদ্দিন সবজির বাজারে এসে অনেকটা ক্ষুব্ধ হয়েই বললেন, শীতের আগাম সবজি এসেছে বাজারে। তবুও দাম চড়া। ৬৫ টাকার নিচের খুব কম সবজি আছে বাজারে।
বোরহান উদ্দিনের কথা সত্যতা মেলে বাজারে সবজির দোকানগুলো ঘুরে। বাজারে শিম, বরবটি, মুলা, ঢ্যাঁড়স, মিষ্টিকুমড়াসহ অধিকাংশ সবজির দাম চাওয়া হচ্ছে ৬৫ থেকে ৮০ টাকা। প্রায় ছয় দোকান ঘুরে, আধা কেজি ঢ্যাঁড়স ও আধা কেজি বরবটি, আধা কেজি মরিচ, অল্প ধনেপাতা ও এক কেজির কিছু বেশি ওজনের মিষ্টিকুমড়া কিনেছেন বোরহান উদ্দিন। এতেই খরচ হয়েছে ২৭০ টাকা। সঙ্গে ২ কেজি পেঁয়াজ কিনতে খরচ হয়েছে আরও ১৬০ টাকা। বেরিয়ে আসার পথে ৫০ গ্রাম চিংড়ি শুঁটকি কিনেছেন তিনি ১০০ টাকায়।
কাঁচাবাজার থেকে বেড়িয়ে টাকার হিসাব কষছিলেন বোরহান। আরেকবার কথা হলো তাঁর সঙ্গে। তাঁর চোখে মুখে আরেক দফা হতাশার ছাপ। তিনি বললেন, ডিম কেনা হয়নি। মাছও আরেক প্রকার কেনা হয়নি। সবজি নিতে হয়েছে আধা কেজি করে। এই বাজার হয়তো পাঁচ-সাত দিন যাবে। তিন পদের সবজি, মুরগি আর মাছ কিনতেই দুই হাজার শেষ।