অষ্টমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী ফিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজুর রহমান ফিজার

অষ্টমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হয়ে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি সাতবারের সংসদ সদস্য। আজ বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা আছে।

গতকাল বুধবার ফুলবাড়ী পৌর শহরের নিমতলা এলাকায় নিজ বাসভবনে প্রথম আলোর সঙ্গে আলাপকালে মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘৩৫ বছর ধরে এলাকার মানুষ ভালোবেসে তাঁদের প্রতিনিধি বানিয়ে রেখেছেন। দেশ, মানুষ ও দলের জন্য কাজ করে যাচ্ছি।

তাঁদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রায় সবক্ষেত্রে সেবা নিশ্চিত করার চেষ্টায় সফলতা পেয়েছি। অষ্টমবারের মতো দল আস্থা রেখেছে আমার ওপর। জয় পেলে এবার দক্ষ মানবসম্পদ তৈরিতে সর্বাধিক নজর রাখব।’

মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬ সালে দিনাজপুর-৫ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ধারাবাহিকভাবে সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সপ্তমবারের মতো সংসদ সদস্য হন। তিনি সংসদ সদস্যের পাশাপাশি বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য, ২০০৯ সালে প্রতিমন্ত্রী এবং ২০১৪ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দশম শ্রেণিতে পড়ার সময় রাজনীতিতে যুক্ত হন জানিয়ে মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ঐতিহাসিক ৬ দফা ও ১১ দফার আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সাত নম্বর সেক্টরের অধীন অংশ নেন। পরে ১৯৭৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮৬ সালে আইন বিষয়ে পড়ালেখা সম্পন্ন করেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ ২১ বছর এবং ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিএনপির বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘আদর্শ ও চেতনাবোধ না থাকলে যত বড় দলই হোক, সেটি টেকসই হয় না। বিএনপির নেতা-কর্মীরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগ উপযুক্ত নাগরিক সেবা দিয়েছে। মানুষকে সন্তুষ্ট করে আস্থা অর্জন করেছে।

বঙ্গবন্ধু প্রতিটি সেক্টরে যেসব পরিকল্পনা করে গিয়েছিলেন, তার প্রায় প্রতিটি বর্তমান প্রধানমন্ত্রী বাস্তবায়ন করে যাচ্ছেন। বাংলাদেশ সত্যিকারের সুন্দর ছবির দেশ হয়ে উঠছে। একজন মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক হয়ে এটা আমার বড় প্রাপ্তি।’

গতকাল এলাকার বেশ কয়েক ভোটারের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, এ আসনে এখন পর্যন্ত যাঁরা মনোনয়নপত্র তুলেছেন, মোস্তাফিজুর রহমান ফিজারের সঙ্গে তাঁরা পারবেন না। এলাকায় তাঁর বিকল্প তিনি নিজেই।

ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘মোস্তাফিজুর রহমান ফিজার দীর্ঘ সময় দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। প্রায় সব নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাঁর পক্ষে কাজ করবেন।’