ডাকাতির দায়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ১০ জনের কারাদণ্ড
১৯ বছর আগের নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারসহ ১০ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান। প্রথম আলোকে তিনি জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের নুরুদ্দিন ওরফে বাছির (৫৪), সুমন (৪১), মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), ফতুল্লার তল্লা এলাকার তল্লা মনির (৬৩), সিদ্ধিরগঞ্জের আবুল কালাম (৫৪), ফতুল্লার হাজীগঞ্জ এলাকার আসলাম (৫৪) ও কানা ইসলাম (৪৯), সিদ্ধিরগঞ্জের মামুন (৪৯), বিল্লাল (৪৯) ও মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)।
আসামিদের মধ্যে নুরুদ্দিন, সুমন, মোফাজ্জল হোসেন আনোয়ার, আসলাম ও মামুন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৬ সালের ৩১ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর গোদনাইল এলাকায় আইনজীবী মফিজুল ইসলামের ভাড়া বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মফিজুল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। পরের মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আসামিদের শনাক্ত করেন।
আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক প্রথম আলোকে বলেন, তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। দুজনকে খালাস দিয়েছেন আদালত।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আগে যে মামলা ছিল, তা তাঁরা জানতেন না। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে।