গাজীপুরের শ্রমিকনেতা বাবুলের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক শ্রমিক নেতা বাবুল হোসেনের জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে ফিরছেন বাবুলের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতে
ছবি: প্রথম আলো

গাড়ি পোড়ানোর মামলায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতে বাবুল হোসেনের আইনজীবী জামিন চাইলে জামিন আবেদন নামঞ্জুর করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার প্রথম আলোকে বলেন, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের নেতা বাবুল হোসেনের মামলার শুনানিতে তাঁর পক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও সোহাইল জামিল সরকার। আইনজীবীরা জামিন চাইলে আবেদন নামঞ্জুর করেন আদালত।

২০ ডিসেম্বর ২৪ ঘণ্টা রিমান্ড শেষে বাবুল হোসেনকে কারাগারে পাঠান আদালত। এর আগে ১৪ নভেম্বর রাতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তা থেকে তাঁকে আটক করা হয়। পরে গাড়ি পোড়ানো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, গাজীপুর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বাবুল হোসনকে গ্রেপ্তার করে। তিনি গাজীপুরে অবস্থান করে শ্রমিকদের উসকানি দিয়েছেন। গাড়িতে অগ্নিসংযোগে করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার জানান, বাবুল হোসেনের দুই শিশুসন্তানকে নিয়ে তাঁর বৃদ্ধ মা–বাবা মাগুরা জেলায় থাকেন। তাঁর শ্রমিক স্ত্রী লাইজুর একক আয়ে সংসারটি চালানো কঠিন হয়ে পড়েছে। আদালত প্রাঙ্গণে বাবুলের বাবা আতাউর রহমান বলেন, ‘আজ আমার ছেলের জামিন হবে, এই আশা নিয়ে গ্রাম থেকে আমার দুই নাতিকে নিয়ে আদালতে এসেছিলাম। আমার নিরপরাধ ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার ছেলে কোনো অপরাধ করেনি। তাঁকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে।’

বাবুল হোসেনের জামিন নাকচ হওয়ার বিষয়ে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বাবুল হেসেন এজাহারভুক্ত আসামি নন। ঘটনার ১৪ দিন পর তাঁকে কেবল সন্দেহের বশবর্তী হয়ে গ্রেপ্তার করে বাসন থানা। এই আইনজীবী বলেন, কেবল গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক হওয়ার কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাবুলকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।