হুম্মামকে দেশ ছেড়ে চলে যেতে বললেন শামসুদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী
ছবি: প্রথম আলো

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীকে দেশ ছেড়ে চলে যেতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শামসুদ্দিন চৌধুরী এ কথা বলেন। আজ শুক্রবার বেলা ১১টায় মহানগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিমচন্দ্র ভৌমিক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

হুম্মাম কাদের চৌধুরী একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে। সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তাঁর ফাঁসির রায় কার্যকর হয় ২০১৫ সালের ২২ নভেম্বর।

শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টির জন্য আমরা যুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধু বলেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতি দেশে চলবে না। আজ বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এই চট্টগ্রামের কুখ্যাত রাজাকার সাকা চৌধুরীর ছেলে বলল, মাননীয় প্রধানমন্ত্রীকে নাকি সাকার কবরে গিয়ে ক্ষমা চাইতে হবে। হে সাকা–পুত্র, তুমি এখান থেকে চলে যাও। এ দেশ তোমার না।’

শামসুদ্দিন চৌধুরী বলেন, পৃথিবীর অনেক দেশের চাপ সত্ত্বেও সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছিল। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি (শামসুদ্দিন চৌধুরী) নিজেও বিশ্বাস করতে পারেননি যে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর হবে।

জিয়াউর রহমান বাংলাদেশে ধর্মান্ধতা প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেন শামসুদ্দিন চৌধুরী। তিনি বলেন, গোলাম আযমকে পাকিস্তান থেকে এনে এখানে প্রতিষ্ঠিত করেছিলেন জিয়া। পরে এইচ এম এরশাদ ও খালেদা জিয়া ২৫ বছর ধরে এ দেশে ধর্মান্ধতা প্রতিষ্ঠা করেন।

শামসুদ্দিন চৌধুরী বলেন, এ দেশ কাজী নজরুল ইসলামের, লালনের। এ দেশে সাম্প্রদায়িকতার কোনো জায়গা থাকতে পারে না।

শামসুদ্দিন চৌধুরী বলেন, রাষ্ট্রধর্ম সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। কয়েক দিন আগে আইনমন্ত্রী বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম সরানো হবে। তাঁরা সেদিকে তাকিয়ে আছেন। অপেক্ষায় আছেন, কবে বাহাত্তরের সংবিধান পুরোপুরি কায়েম হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম মহানগরের সভাপতি পরিমল চৌধুরী। বক্তব্য দেন মহানগরের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ।

অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য জিনবোধি ভিক্ষু, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, তথ্য যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শুভ্র দেব কর, সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইন্দু নন্দন দত্ত, দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড় প্রমুখ।