পঞ্চগড়ে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা
টানা কয়েক দিনের মৃদু শৈত্যপ্রবাহে পঞ্চগড়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু। কয়েক দিন ধরে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন। বর্তমানে ওই হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে তিন গুণ রোগী ভর্তি আছে। এর মধ্যে বেশির ভাগই ঠান্ডাজনিত রোগে ভুগছে।
সদর উপজেলার টুনির হাট এলাকার লাভলী আক্তার তাঁর দেড় বছর বয়সী মেয়ে ফারজানা আক্তারকে নিয়ে মেঝেতে বসে ছিলেন। লাভলী আক্তার বলেন, আজ সকাল থেকে তাঁর মেয়ের পাতলা পায়খানা হচ্ছে। আজ শনিবার বিকেলে হাসপাতালে নিয়ে এলে এখান চিকিৎসক ভর্তির পরামর্শ দেন। তবে শিশু ওয়ার্ডে কোনো শয্যা ফাঁকা নেই। এ জন্য মেঝেতে শুইয়ে তাঁর মেয়েকে স্যালাইন দেওয়া হচ্ছে। আজ বিকেলে হাসপাতালের শিশু ওয়ার্ডে লাভলীর সঙ্গে কথা হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর পর্যন্ত ১০০ শয্যার এই সদর হাসপাতালে ভর্তি আছেন ১৭৭ জন। এর মধ্যে পুরুষ ৩৯ জন, নারী ৭৬ জন এবং নবজাতক ও শিশু ৬২ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৬ শয্যার বিপরীতে সেখানে ভর্তি আছে ৪৬টি শিশু। শয্যা সংকুলান না হওয়ায় শিশুদের মেঝেতে শুইয়ে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে ১৯টি শয্যার বিপরীতে ১৬ জন নবজাতক ভর্তি আছে।
সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি এলাকার জাহাঙ্গীর আলম বলেন, তাঁর ছেলে নাহিদ হাসানের বয়স দুই বছর। তিন দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত সে। অসুস্থ হওয়ার পরপরই তিনি ছেলেকে হাসপাতালে ভর্তি করেছেন। এখন শিশুটির অবস্থা কিছুটা উন্নতির দিকে।
নিউমোনিয়া আক্রান্ত দুই মাস বয়সী ছেলে নাঈম ইসলামকে নিয়ে গত মঙ্গলবার থেকে হাসপাতালে আছেন নাসিমা আক্তার (৩২)। টানা কয়েক দিনের চিকিৎসার পর নাঈমের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। নাসিমা পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের পানিডুবি এলাকার বাসিন্দা।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তৌফিক আহমেদ বলেন, কয়েক দিন ধরে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। হাসপাতালের শয্যার তুলনায় আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। শিশুদের ডায়রিয়া ও নিউমেনিয়া রোগ এড়াতে বাড়তি যত্ন নিতে হবে। শিশুদের যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এ ছাড়া বাইরে বের হওয়ার সময় মাস্ক ও পর্যাপ্ত গরম কাপড় পরতে হবে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে দিনভর হিমেল বাতাস থাকায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান দিন দিন কমে যাচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এর সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার দাপট আর ঘন কুয়াশা মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।