দেবীদ্বার পৌরসভা নির্বাচনে ২ বিদ্রোহী নিয়ে আওয়ামী লীগে অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই ‘বিদ্রোহী’ প্রার্থী মো. আবুল কাশেম ও এম এ কাইয়ুম ভূঞাকে নিয়ে অস্বস্তিতে রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে তাঁরা পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দলের স্থানীয় নেতারা বলেন, বিদ্রোহী প্রার্থীদের তুলনায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. সাইফুল ইসলাম বয়সে ছোট, অভিজ্ঞতাও কম। এ অবস্থায় অভিজ্ঞ এ দুই নেতাকে তিনি কীভাবে ভোটের ময়দানে সামলাবেন, তা-ই দেখার বিষয়।

১৭ জুলাই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে ভোট হবে। ২১ বছর শেষে পৌরসভা প্রতিষ্ঠার পর এবারই প্রথম ভোট হচ্ছে। মেয়র পদে আটজন প্রার্থী হয়েছেন।

নৌকার প্রার্থী সাইফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য। দলটির ‘বিদ্রোহী’ দুই প্রার্থী হলেন দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিলুপ্ত দেবীদ্বার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কাশেম (নারকেলগাছ) এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ কাইয়ুম ভূঞা (ক্যারমবোর্ড)।

অপর পাঁচ স্বতন্ত্র প্রার্থী হলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা (ইস্তিরি), উপজেলা বিএনপির সদস্য মো. শরিফুল ইসলাম (চামচ), দৈনিক কালের কণ্ঠ-এর দেবীদ্বার প্রতিনিধি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি এ বি এম আতিকুর রহমান (মোবাইল ফোন), দৈনিক যুগান্তর-এর কুমিল্লা ব্যুরোর সাংবাদিক মোহাম্মদ আবুল খায়ের (কম্পিউটার) এবং ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আইনজীবী মো. সাইফুল ইসলাম সরকার (জগ)। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে দেবীদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ১৩ জন ফরম সংগ্রহ করেন। পরবর্তী সময়ে জ্যেষ্ঠ নেতাদের টপকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তরুণ নেতা সাইফুল ইসলাম দলীয় মনোনয়ন পান। মনোনয়নপ্রত্যাশী অন্য নেতারা সাইফুলকে সমর্থক দেওয়ার কথা জানালেও আবুল কাশেম ও কাইয়ুম ভূঞা ভোটের মাঠে থেকে যান। গত ২৬ জুন তাঁরা প্রতীক বরাদ্দ পান। এর পর থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে তাঁরা লিফলেট বিতরণ করছেন। পথসভা করছেন। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচন থেকে দুই বিদ্রোহী প্রার্থীকে সরে যেতে হবে। না হলে তাঁরা বহিষ্কৃত হবেন। দল তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেবে। দল থেকে একই পদে একাধিক ব্যক্তি প্রার্থী হওয়ার বিষয়টি কোনো ভালো খবর নয়।

আওয়ামী লীগের তিনজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেবীদ্বারে আওয়ামী লীগের তিনটি পক্ষ আছে। পক্ষ তিনটি হলো কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. সাইফুল ইসলাম স্থানীয় সংসদ সদস্যের অনুসারী। কনিষ্ঠ ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ক্ষুব্ধ। তবে তাঁরা বিষয়টি প্রকাশ করছেন না।

তাঁরা আরও বলেন, সাইফুলের বয়স কম। আবুল কাশেম ও কাইয়ুম ভূঞা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। এ অবস্থায় অভিজ্ঞ এ দুই নেতাকে সাইফুল কীভাবে ভোটের ময়দানে সামলাবেন, তা-ই দেখার বিষয়।

মেয়র প্রার্থী আবুল কাশেম বলেন, ‘২১ বছর ধরে নির্বাচন করার অপেক্ষায় ছিলাম। বিলুপ্ত দেবীদ্বার সদর ইউনিয়নের সর্বশেষ চেয়ারম্যান ছিলাম আমি। নির্বাচন করার জন্য ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি। বহিষ্কারকে ভয় পাই না। বয়স হয়েছে, নির্বাচনে আছি, থাকব। দেবীদ্বারে দলটাকে এত বছর গুছিয়ে রেখেছি। হামলা-মামলার শিকার হয়েছি।’

৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ কাইয়ুম ভূঞা বলেন, ‘বহিষ্কার ও চাপকে ভয় পাই না। নির্বাচন করবই। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এটা স্থানীয় সরকার নির্বাচন। আঞ্চলিক ভোট। পাড়া-মহল্লার ভোট। ভোটে আমি জিতব।’

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী বলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. সাইফুল ইসলাম। দলের নেতা-কর্মীরা সবাই নৌকার প্রার্থীর পক্ষে। বিদ্রোহীদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে।