তিন দিন আগে বিয়ে করেন, সড়ক দুর্ঘটনায় গেল যুবকের প্রাণ
নোয়াখালীর সেনবাগে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেনবাগ-সোনাইমুড়ী সড়কের ছাতারপাইয়া ইউনিয়নের কোটের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আল আমিন (২৫)। তিনি উপজেলার ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণ পাড়ার কারী আব্বাসের ছেলে। তিনি সম্প্রতি কাতার থেকে দেশে ফিরেছেন। গত সোমবার তাঁর বিয়ে হয়। গায়েহলুদ অনুষ্ঠানে দেওয়া মেহেদির রং এখনো তাঁর হাতে রয়েছে। সেটি না মুছতেই সড়ক দুর্ঘটনায় তাঁর প্রাণ গেল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় আল আমিন মোটরসাইকেলে ছাতারপাইয়া গ্রাম থেকে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কোটের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আল আমিনকে উদ্ধার করে প্রথমে ছাতারপাইয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন প্রথম আলোকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় ছাতারপাইয়া এলাকার বাসিন্দা জসীমউদ্দিন বলেন, আল আমিনের তিন দিন আগে বিয়ে হয়েছিল। তাঁর বাড়িতে গতকাল পর্যন্ত উৎসব হয়েছে। আল আমিনের সদ্য বিবাহিত স্ত্রী ও বৃদ্ধ মা-বাবার আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।