যশোরে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ৪
যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার মধ্য রাতে যশোর শহরের শংকরপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহ চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত যুবকের নাম আকাশ হোসেন (২৮)। তিনি শহরের শংকরপুর এলাকার তোতা মিয়ার ছেলে। প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
নিহত যুবকের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে স্থানীয় কয়েকজন আকাশকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে শংকরপুর বটতলা এলাকায় যান। সেখানে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আকাশকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দিবাগত রাত দেড়টার দিকে আকাশকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আকাশের স্বজনদের দাবি, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করা নিয়ে একই এলাকার তানভীরের সঙ্গে আকাশের বিরোধ চলে আসছিল। তানভীর হোয়াটসঅ্যাপে আকাশকে হত্যার হুমকি দিয়েছিলেন। রাতে আকাশকে মুঠোফোনে ডেকে নিয়ে সাব্বির, তানভীরসহ ১০ থেকে ১২ জন মিলে মারধর ও ছুরিকাঘাতে হত্যা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত সাব্বির ও তানভীরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, আগের কোনো টাকাপয়সা লেনদেনের দ্বন্দ্বে আকাশকে হত্যা করা হতে পারে। আকাশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা তাঁর সঙ্গেই চলাফেরা করতেন। তাঁরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিরা আকাশ হত্যাসহ তিনটি মামলার আসামি।