পিরোজপুরে বঙ্গমাতা সেতুর পিলারে কার্গোর ধাক্কা
পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ৫ নম্বর পিলারে বালুবোঝাই কার্গো ধাক্কা দিয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে সেতুর একটি পিলার ‘সামান্য ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় সেতুর ওপর থাকা এক যুবক মুঠোফোনে দৃশ্যটি ধারণ করেন। এরপর ফেসবুকে ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এম বি জামান-২ নামের একটি কার্গো সেতুর মাঝখানের একটি পিলারে ধাক্কা দেয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বলেন, ঘটনাটি শোনার পরপরই তাঁরা ঘটনাস্থলে যান। তবে কার্গোটি আটক করা যায়নি। কার্গোর ধাক্কায় সেতুর ৫ নম্বর পিলার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের পিরোজপুরের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, সেতুর পিলারের চারপাশে প্রতিরক্ষাদেয়াল থাকায় কার্গোর ধাক্কায় পিলারের তেমন কোনো ক্ষতি হয়নি।
৪ সেপ্টেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করেন। সেতুটির নির্মাণ করে চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। গত ৭ জুলাই বাংলাদেশ সরকারের কাছে সেতুটি হস্তান্তর করা হয়। ১ হাজার ৪৯৩ মিটার দৈর্ঘ্যের ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের সেতুটিতে ১০টি পিয়ার ও ৯টি স্প্যান আছে। চুক্তি অনুযায়ী, ২০২২ সালের ১ জুলাই থেকে দুই বছর সেতুটির রক্ষণাবেক্ষণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।