গরিব মানুষকে অর্ধেক দামে চাল-ডাল দেবেন বলে টাকা নিয়ে লাপাত্তা
নাসিমা বেগমের (৪০) স্বামী মারা গেছেন কয়েক বছর আগেই। সংসারের হাল ধরতে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে আয়ার চাকরি নেন তিনি। দুই সন্তান নিয়ে কোনোভাবে চলছিল তাঁর সংসার। এর মধ্যে তিনি জেনেছেন, পৌর শহরের কালিপুর উত্তর পাড়ায় মোহাম্মদ মামুন (৪০) নামের এক ব্যক্তি ১ হাজার ২০০ টাকায় এক বস্তা (৫০ কেজি) করে চাল দিচ্ছেন। তেল, ডাল, আলু, চিনিও দিচ্ছেন বাজারমূল্যের অর্ধেকের কমে।
এ ঘটনা জেনে নাসিমা বেগম কয়েক দিন আগে দুই বস্তা চাল পেতে ২ হাজার ৪০০ টাকা জমা দেন। ৭ ফেব্রুয়ারি তাঁকে চালের বস্তা দেওয়ার কথা। নির্ধারিত দিনে চাল আনতে গিয়ে জানতে পারেন, এক সপ্তাহ আগেই মামুন নামের ওই ব্যক্তি এলাকা ছেড়ে চলে গেছেন।
প্রতারিত হয়ে হতাশ নাসিমা বললেন, ‘চাইলের দাম যে বাড়া বাড়ছে, পানির দামে চাইল পাওয়ার কথা হুইন্না ঘরে থাকতে পারি নাই।’
প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে, কম দামে পণ্য পাওয়ার আশায় গত এক মাসে প্রায় পাঁচ হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন মামুন, যার পরিমাণ কোটি টাকা ছাড়াবে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে এর প্রতিকারে উদ্যোগী হবেন তিনি।
আমি যথাসময়ে সতর্ক করেছি। কিন্তু কেউ সতর্ক হয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে।
স্থানীয় লোকজন জানান, মোহাম্মদ মামুন ভৈরবের বাসিন্দা নন। বছর দেড়েক ধরে ভৈরবে তাঁর আসা-যাওয়া। এক বছর আগে কালিপুর মহল্লায় জমি কিনে একটি দোতলা ভবন নির্মাণ করেন তিনি। পরবর্তী সময়ে সেটি বিক্রিও করে দেন। মাস ছয়েক আগে উপজেলার চাঁনপুর গ্রামে বিয়ে করেন তিনি। এলাকায় তিনি নিজেকে কখনো সাংবাদিক, কখনো কমিউনিটি পুলিশের সদস্য পরিচয় দেন। দুই মাস ধরে স্ত্রীকে নিয়ে পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি নীল মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস শুরু করেন। মাস দেড়েক আগে এলাকার কিছু গরিব মানুষকে বিনা মূল্যে চাল-ডাল দেন। তখন সবার কাছে দানশীল হিসেবে তিনি পরিচতি পান। এরপর তিনি দুটি প্যাকেজ ঘোষণা করেন। একটি প্যাকেজে ১ হাজার ২০০ টাকায় এক বস্তা চাল পাওয়ার কথা বলা হয়। অন্য প্যাকেজে ছিল তেল, ডাল, চিনি ও আলু। এলাকায় তিনি প্রচার করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজসেবা মন্ত্রণালয় থেকে তাঁর কাছে অনুদান আসে। গরিব মানুষকে তিনি ওই অনুদান থেকে সাহায্য করছেন। তাঁর এই কাজে স্থানীয় কয়েকজন সহযোগী ছিল।
নামমাত্র মূল্যে খাদ্যপণ্য বিতরণের খবর ছড়িয়ে পড়ার পর প্রতিদিন কয়েক শ মানুষ মামুনের বাড়িতে ভিড় করতে শুরু করেন। কয়েক দিন তিনি ঘোষিত মূল্যে মানুষের হাতে খাদ্যপণ্য তুলে দেন। এই খবর আরও ছড়িয়ে পড়লে অধিক লাভের আশায় কেউ কেউ ২০ বস্তা চালের টাকাও জমা দিয়ে যান। টাকাপ্রাপ্তির বিপরীতে নিজের একাধিক ধরনের ভিজিটিং কার্ড দেন মামুন। এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহের ব্যবধান রেখে কার্ডে পণ্য গ্রহণের তারিখ দেওয়া হয়। তবে গত শুক্রবার তিনি ঘর তালাবদ্ধ করে লাপাত্তা হয়ে যান।
গতকাল বৃহস্পতিবার মামুনের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি যে ঘরটিতে থাকতেন, সেটি এখনো তালাবদ্ধ। বাড়ির মালিক যুবলীগ নেতা নীল মিয়া বলেন, গত শুক্রবার সকালে কাজের মেয়ের কাছে চাবিটি দিয়ে চাল আনতে যাচ্ছেন বলে বের হন মামুন। এরপর আর ফেরেননি।
পলতাকান্দা মহল্লার বাসিন্দা আসমা বেগম, মোছা. নাসরিন, রুপা বেগম, ফরিদা বেগম এবং চন্ডিবের এলাকার বকুল বেগম, রুবিনা বেগম, মোছা. খোদেজা বেগম জানান, তাঁরা একজন অন্যজনের দেখাদেখি মামুনের বাড়িতে গিয়েছিলেন। টাকাও দিয়েছিলেন তাঁকে। কিন্তু মামুনের খোঁজ না মেলায় তাঁরা নিজেদের টাকা ফিরে পাওয়া নিয়ে শঙ্কায় আছেন।
মোহাম্মদ মামুনের বাড়ি তালাবদ্ধ থাকায় এবং তাঁর সব কটি মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাওয়ায় অভিযোগের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে পারেননি প্রথম আলোর এই প্রতিবেদক।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মামুন নিজের প্রভাব প্রকাশ করতে নানা সময় শোডাউন করতেন। গত ২৯ জানুয়ারি জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ এক মতবিনিময় সভায় ভৈরবে আসেন। সেখানে মামুন দলবল নিয়ে থানা চত্বরে উপস্থিত হন। সভায় মামুনের বিষয়টি এসপির নজরে এনে প্রতারিত হওয়ার শঙ্কার কথা বলেছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন।
মেয়র ইফতেখার হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমি যথাসময়ে সতর্ক করেছি। কিন্তু কেউ সতর্ক হয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে।’
এসপি মোহাম্মদ রাসেল শেখ বলেন, মতবিনিময় সভা শেষে তিনি মামুনকে ডেকে ওসির কক্ষে এনেছিলেন। ওই সময় কিছু উপকারভোগী মামুনের পক্ষ নেন। তারপরও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নজরে না এনে এই ধরনের কর্মসূচি পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে এসেছিলেন তিনি। তবে ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান জানান, মামুন নামে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।