ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের লোগো

সাংগঠনিক রীতিনীতি ও গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সুবল চন্দ্র সাহাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা আওয়ামী লীগ।

গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক চিঠিতে কারণ দর্শানোর নোটিশের কথা উল্লেখ করা হয়। গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ তাঁর ফেসবুকে বিষয়টি জানান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ মে জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নোটিশ দেওয়া হয়। এ ব্যাপারে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সুবল চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘গতকাল (শুক্রবার) আমি বিষয়টি জানতে পারি। আমাকে লিখিত কিছু না জানিয়ে ফেসবুকে আমার নামে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘লিখিত নোটিশ পেলে আমি ভেবে সিদ্ধান্ত নেব, তার জবাব দেব কি না। তবে ফরিদপুরে যা ঘটছে, তা লিখিত আকারে আমি আমাদের সবার অভিভাবক জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাব।’

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুর ব্রহ্মসমাজ সড়কে ২৮ মে ফরিদপুর পৌর আওয়ামী লীগের ব্যানারে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় সভাপতিত্ব করার কথা ছিল ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসানের। তবে সভা শুরুর আগে সিদ্ধান্ত পরিবর্তন করে আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের ব্যানারে সভাটি করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন সুবল চন্দ্র সাহা। এ ঘটনায় সেদিন রাতেই জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় সুবল চন্দ্র সাহাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়ককে গত ২৩ মে একটি ওয়ার্ড সম্মেলনের সূত্র ধরে শোকজ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সুবল চন্দ্র সাহাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ‘গত ২৮ মে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শহরে অবস্থান করা সত্ত্বেও তাঁদের সঙ্গে কোনো আলোচনা, পরামর্শ ও অনুমতি ছাড়াই শহরের ব্রহ্মসমাজ সড়কে ‘আওয়ামী লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন’–এর ব্যানারে সমাবেশে আপনি (সুবল চন্দ্র সাহা) সভাপতিত্ব করেছেন, যা সাংগঠনিক রীতিনীতি ও গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি জেলায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে, যা ঐক্যবদ্ধ আওয়ামী লীগে ফাটল ধরানোর অপচেষ্টা বলেই প্রতীয়মান। জেলা আওয়ামী লীগ মনে করে, আপনার এ ধরনের ধৃষ্টতাপূর্ণ গর্হিত কর্মকাণ্ড আসন্ন সংসদ নির্বাচনে দলে বিভাজন প্রক্রিয়াকে উসকানি দেয়। এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্র পাওয়ার সাত দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বরাবর লিখিত জবাব দিতে হবে।’

এ বিষয়ে সুবল চন্দ্র সাহা বলেন, ‘আমি নোটিশ পাইনি।’ তবে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ বলেন, গতকাল বিকেলে অফিসের পিয়নের মাধ্যমে এ নোটিশ সুবল চন্দ্র সাহার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তাঁর অবর্তমানে তাঁর ছেলে চিঠিটি গ্রহণ করেছেন। পাশাপাশি সুবল চন্দ্র সাহার চিঠিটি তাঁর হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ মে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ মে মামলা করেন সুবল চন্দ্র সাহা। এ মামলার সূত্র ধরে একই বছরের ৭ জুন পুলিশের বিশেষ অভিযানে সাবকে মন্ত্রী খন্দকার মোশাররফের আস্থাভাজন হিসেবে পরিচিত আলোচিত দুই ভাই আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতিতে বড় পরিবর্তন ঘটে। রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় নেন খন্দকার মোশাররফ হোসেন।