কালিয়াকৈরে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার মামলার আসামি গ্রেপ্তার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে মামলা দায়েরের দুই দিনেও ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী। এ ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রধান শিক্ষককে সকাল থেকে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষক কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার বাবুল সিকদার। তিনি স্থানীয় ফালু পালোয়ান উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, গত ২৬ সেপ্টেম্বর সকালে কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার ফালু পালোয়ান উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল। যাওয়ার পথে সকাল সাতটার দিকে ওই ক্রীড়া শিক্ষকের বাড়ির সামনে পৌঁছালে কৌশলে তাকে ডেকে ভেতরে নিয়ে যান শিক্ষক বাবুল। এ সময় ফাঁকা বাড়ি থাকায় ওই শিক্ষক নানাভাবে ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনার তিন দিন পর ওই ছাত্রীর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে পরিবারের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্যদের কাছে ধর্ষণচেষ্টার বিষয়ে বিস্তারিত বলে দেয় ওই ছাত্রী। ওই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম জানান, ঘটনাটি স্কুল বন্ধ থাকাকালে ঘটেছে। এটা স্কুলে নয়, ওই শিক্ষকের বাড়িতে ঘটেছে। বিদ্যালয়ের কমিটি ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ জানান, ওই ঘটনায় ছাত্রীর বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ছাড়া স্কুলে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।