পিরোজপুরে গভীর রাতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, দুটি ককটেল উদ্ধার

বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী আলম বাজার এলাকায় বিএনপির কার্যালয়েছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী আলম বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে গতকাল বুধবার গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি চেয়ার ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। কার্যালয়ে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। পরে তারা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি টেলিভিশন ভাঙচুর করে। ভাঙচুরের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। খবর পেয়ে মঠবাড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভাঙা চেয়ার, একটি ক্ষতিগ্রস্ত টেলিভিশন, একটি তালা ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

উদ্ধার হওয়া দুটি ককটেল। গতকাল গভীর রাতে মঠবাড়িয়ার মিঠাখালী আলম বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে
ছবি: সংগৃহীত

মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে তাঁরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। সেখান থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।