চকরিয়ায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুপিয়ে হত্যাপ্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে মো. নুরুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে গাছ কাটা নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, মো. নুরুল ইসলামের পুরোনো বসতভিটা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায়। তবে তিনি বর্তমানে ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় বসবাস করেন। জায়গাজমির ভাগ–বাঁটোয়ারা নিয়ে নুরুল ইসলামের সঙ্গে তাঁর ছোট ভাই আবদুর রহিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

চকরিয়া থানার পুলিশ জানায়, আজ পুরোনো বসতভিটায় গাছ কাটছিলেন আবদুর রহিম। এ খবর পেয়ে সেখানে ছুটে যান তাঁর বড় ভাই মো. নুরুল ইসলাম। এ সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নুরুল ইসলামও দুটি গাছ কাটেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুর রহিম ও তাঁর পরিবারের সদস্যরা নুরুল ইসলামের ওপর হামলা করেন। হামলার এক পর্যায়ে নুরুল ইসলামের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, জায়গাজমি ও গাছ কাটার বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তির পিঠে, পায়ে ও গলার নিচে একাধিক কোপের আঘাত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।