রংপুরে মা–চাচিকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন তরুণ, দুর্ঘটনায় দুজনের মৃত্যু
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গঙ্গাচড়া উপজেলার পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অজিত চন্দ্র সরকার তাঁর মোটরসাইকেলে মা অঞ্জনা রানী সরকার ও চাচি রাধা রানী সরকারকে নিয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তাঁর মা ও চাচি নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুবাহী ট্রাক জলঢাকা থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী রাধা রানী সরকার ও অঞ্জনা রানী সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলচালক অজিত চন্দ্র সরকার। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বালুবাহী ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বালুবাহী ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুই নারীর বাড়ি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকায়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছবুর বলেন, দুই নারীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।